প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিহুল্লাহ বলেন, সরকারি সেবা সহজ করতে বদলি, পদায়ন ও পেনশনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যুক্ত হচ্ছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীতে ‘এআই ও উদ্ভাবন বিষয়ক সংলাপ : ডিজিটাল সরকার, রফতানি সক্ষমতা ও ডিজিটাল সমতা’ শীর্ষক অনুষ্ঠানে এই কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ কেবল প্রযুক্তির ভোক্তা নয়, প্রস্তুতকারক ও রফতানিকারকও হতে চায়। সরকারি সেবা সহজ করতে বদলি, পদায়ন ও পেনশনে যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি। খসড়া নীতিমালা প্রস্তুত, শিগগিরই আসছে জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা।
সংলাপে অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওবায়েদ বলেন, এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেবে বাংলাদেশ। ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে কাজ করছে সরকার।
দেশের উদ্যোক্তারা এআইয়ের সহায়তায় বিশ্বের যেকোনো প্রান্তের উদ্যোক্তাদের মতোই সক্ষম হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ডিজিটাল বৈষম্য যেন এআই বৈষম্যে রূপ না নেয় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রাথমিকস্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এআই ও প্রোগ্রামিং ভিত্তিক আধুনিক কারিকুলামের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। এছাড়া তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপ বিকাশের জন্য রাষ্ট্রীয় তহবিল গঠন করা হবে।
সময়ের আলো/ইউএমএইচ