ধূমপান অসুস্থতা ও অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ। তবে কিছু গবেষণায় দেখা গেছে, অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের পারকিনসনস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রায় অর্ধেক। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ বিষয়ে গবেষণা করেছেন। গবেষণাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্লেষণধর্মী সংবাদমাধ্যম দ্য কনভারসেশন।
ধূমপান ও পারকিনসনসের এই বিস্ময়কর সম্পর্কের বিষয়টি প্রথম জানা যায় ৫০ বছরেরও বেশি আগে। সে সময় ব্রিটিশ ও মার্কিন গবেষকেরা লক্ষ্য করেন, ধূমপায়ীদের সামগ্রিক মৃত্যুর হার বেশি হলেও পারকিনসনস রোগে তাদের মৃত্যুর ঝুঁকি তুলনামূলক কম। পরবর্তী সময়ে পরিচালিত একাধিক গবেষণাতেও একই ধরনের চিত্র উঠে এসেছে।
তবে, ধূমপানের সঙ্গে পারকিনসনস রোগের ঝুঁকি কম থাকার সম্পর্কের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে গবেষকেরা বেশ কিছু সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন।
সিগারেটের ধোঁয়ায় হাজার হাজার রাসায়নিক ও গ্যাস থাকে। তাই এর বিভিন্ন উপাদান নিয়ে গবেষকেরা অনুসন্ধান চালিয়ে আসছেন। এর মধ্যে নিকোটিন বিশেষভাবে গবেষকদের আগ্রহের বিষয় হয়ে উঠেছে, কারণ এটি মস্তিষ্কে প্রভাব ফেলে।
তবে পারকিনসনস রোগে আক্রান্ত ব্যক্তিদের ওপর নিকোটিন নিয়ে পরিচালিত পরীক্ষায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, এটি রোগটির অগ্রগতি ধীর করে। ফলে ধূমপায়ীদের মধ্যে পারকিনসনসের ঝুঁকি কম থাকার পেছনে কোন উপাদান বা প্রক্রিয়া কাজ করছে, তা জানতে গবেষণা এখনো চলছে।
সময়ের আলো/মহু