চাঁদপুরের কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আজিজ হোসেন (৩০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সামনে সড়কের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজিজ হোসেন পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার কাকৈরতলা গ্রামের হাজী বাড়ির আমির হোসেনের ছেলে। তিনি ঢাকার সায়েদাবাদ বাসটার্মিনালে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় এক পথচারী সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কচুয়া থানার এএসআই মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও আজিজ হোসেনকে হত্যা করে মরদেহ কচুয়া-শাহরাস্তি সীমান্তবর্তী রসুলপুর এলাকায় এনে সড়কের পাশে ফেলে রাখা হতে পারে। তবে কী কারণে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের মামা নজরুল ইসলাম জানান, বুধবার রাতে আজিজ হোসেন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে রসুলপুর এলাকায় সড়কের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে আজিজকে শনাক্ত করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে।
সময়ের আলো/এনএন