এলাকাভিত্তিক উৎপাদন পরিকল্পনা করা হবে : বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সারা বছর নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে এলাকাভিত্তিক উৎপাদন পরিকল্পনা করা হবে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নগরীর

2026-10-08T19:27:34+00:00
2026-10-08T19:27:47+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
এলাকাভিত্তিক উৎপাদন পরিকল্পনা করা হবে : বাণিজ্যমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:২৭ পিএম  আপডেট: ০৮.১০.২০২৬ ৭:২৭ পিএম
চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সময়ের আলো
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সারা বছর নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে এলাকাভিত্তিক উৎপাদন পরিকল্পনা করা হবে। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বাজার স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বাণিজ্যমন্ত্রী বলেন, সারাবছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে ভৌগোলিক সুবিধাপ্রাপ্ত এলাকাভিত্তিক কৃষি উৎপাদনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে সরকার। কোন অঞ্চলে কোন সময়ে কোন ফসল উৎপাদন হবে তা নির্ধারণ করে পরিকল্পিতভাবে খাদ্য ও সবজি উৎপাদন করা হবে। এতে বছরের বিভিন্ন সময়ে বাজারে পণ্যের ঘাটতি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সরকার সেই ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে।

দেশে রমজানের আগে মজুদ পরিস্থিতি ভাল উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান উপলক্ষে চিনি, ছোলা, খেজুর, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় সবল পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে। কোনো ধরনের সরবরাহ ঘাটতি নেই। এছাড়া পাইপলাইনেও আমদানি পণ্য চালান রয়েছে। ফলে রমজান কিংবা অন্য সময়ে কোনো ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে অথবা জোটবদ্ধভাবে যদি দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয় তাহলে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। সরকার ইজ অব ডুয়িং বিজনেস নিশ্চিতে কাজ করছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ট্রেড লাইসেন্স, আরজেএসসি, আইআরসি, ইআরসি এবং কৃষি পণ্যের আইপি নিতে এখন আর সরকারি দফতরে যেতে হবে না। ঘরে বসে অনলাইনের মাধ্যমে এক ক্লিকে পাওয়া যাবে এসব সেবা। বিটুমিন, সোডিয়াম সালফেট আমদানিতে ব্যবসায়ীদের বিদ্যমান জটিলতা দূর করতে শুধুমাত্র পিএসআই এর ভিত্তিতে এই দু’টি পণ্যের খালাস নিশ্চিত করা হবে।

চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী সমাজ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। ডাল, চাল, ছোলা, গম, সয়াবিন ও পাম অয়েল এবং চিনিসহ প্রয়োজনীয় পণ্যের আমদানি ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে এবং সরকার ও ব্যবসায়ীদের মধ্যে প্রতি ১৫ দিন পর পর সমন্বয় সভার মাধ্যমে বাজার ব্যবস্থা মনিটরিং করা হবে।


চট্টগ্রামের লজিস্টিকস ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যা সমাধানের দাবি জানিয়ে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুধু চট্টগ্রাম থেকে পণ্য আনা বা নেয়ার ক্ষেত্রে ১৩ টন ওজনসীমার বাধ্যবাধকতার কারণে ব্যবসায়ীদের বাড়তি খরচ গুণতে হচ্ছে। যার ফলে দাম বাড়ছে পণ্যের। তাই এই বিধিনিষেধ দ্রুত তুলে দিতে হবে যাতে নিত্যপণ্যের সরবরাহ ব্যয় না বাড়ে।

চেম্বার সভাপতি বলেন, চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে লাইটার জাহাজের সিরিয়াল নেয়া ও ভাড়া সংক্রান্ত মিনিমাম প্রাইস জটিলতা আমদানি ব্যয় বাড়াচ্ছে। সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি করছে। এ সমস্যা দ্রুত সমাধানে মিনিমাম প্রাইস নির্ধারণ ও সিরিয়াল নেওয়ার বাধ্যবাধকতা শর্ত তুলে দিতে হবে। পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন বাণিজ্য সংগঠনের সদস্যপদ নবায়নে বিআইএন এর বাধ্যবাধকতা তুলে দেওয়া এবং সদস্য অধিভুক্তি ও নবায়ন ফি নির্ধারণে স্ব-স্ব চেম্বারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদানে মন্ত্রীর সহায়তা কামনা করেন।

চট্টগ্রাম চেম্বারের প্রাক্তন সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম থেকে সারাদেশে পণ্য পরিবহনে যে বৈষম্য রয়েছে তার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে চট্টগ্রামের ব্যবসায়ীরা। তাই এই সমস্যা দ্রুত সমাধান করা এখন সময়ের দাবি। তিনি ঢাকা এবং সিলেটের মত চট্টগ্রাম বিমান বন্দরেও দ্রুত কার্গো ভিলেজ বাস্তবায়নের জন্য মন্ত্রীর সহায়তা কামনা করেন।

এতে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র ১ম সহ-সভাপতি সেলিম রহমান, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি এম এ সালাম, বিপিএএমইএ’র ১ম সহ-সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, কমিশনার অব কাস্টমস মুহাম্মদ মাহবুবুর রহমান, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম, প্রাক্তন পরিচালক এস এম আবু তৈয়ব ও রেজাউল করিম আজাদ, বর্তমান চেম্বার পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী, আবু হায়দার চৌধুরী (আমজাদ), মো. আফসার হাসান চৌধুরী (জসিম), মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ নুরুল ইসলাম, সরোয়ার আলম খান, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, বারভিডার সহসভাপতি ডা. হাবিবুর রহমান খান, ইস্টার্ন লজিস্টিক্স’র চেয়ারম্যান মো. শাহ আলম, টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স ও প্রশাসন) মো. জাফর আলম, ক্যাবের সভাপতি এস এম নাজের হোসাইন ও সেক্রেটারি কাজী ইকবাল বাহার ছাবেরি।

সময়ের আলো/জোই
  বিষয়:   এলাকাভিত্তিক উৎপাদন  পরিকল্পনা  সরকার  বাণিজ্যমন্ত্রী  খন্দকার আব্দুল মুক্তাদির  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: