ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ)ফ্যাশন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও টেক্সটাইল বিষয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬।
বিশ্ববিদ্যালয়ের অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের আইএসইউ মার্চেন্ডাইজিং ক্লাবের আয়োজনে মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল অ্যাপারেল, ফ্যাশন, মার্চেন্ডাইজিং ও টেক্সটাইল বিষয়ক কুইজ, ফ্যাশন মুড বোর্ড উপস্থাপনা এবং ফ্যাশন শো ও র্যা ম্প ওয়াক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। বিশেষ অতিথি ছিলেন— ট্রেজারার অধ্যাপক এইচ. টি. এম. কাদের নেওয়াজ এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক মো. আবুল কাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জগলুল হক মৃধা।
অধ্যাপক মো. আবুল কাশেম বলেন, আইএসইউ মার্চেন্ডাইজিং ক্লাব আয়োজিত এ ফ্যাশন শো শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের সঙ্গে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক সম্পৃক্ততা তৈরিতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখে।
জগলুল হক মৃধা বলেন, ফ্যাশন শো ও কুইজ প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি টেক্সটাইল ও অ্যাপারেল শিল্প সম্পর্কে তাদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করে। ভবিষ্যতের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের জন্য দক্ষ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী গ্র্যাজুয়েট তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী ফিয়েস্তার প্রথম পর্ব ‘থ্রেডস অ্যান্ড ট্রিভিয়া’-তে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ও টেক্সটাইল বিষয়ক কুইজে ৫৪ জন শিক্ষার্থী অংশ নেন। বিজয়ীদের সনদ প্রদান করা হয় এবং কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আলিফা আক্তার আশা, দ্বিতীয় স্থান অর্জন করেন আদনান মাহমুদ এবং তৃতীয় স্থান অর্জন করেন মোছা. মাফিয়া খানম মিতু।
এরপর ‘স্টোরি অন এ বোর্ড’ পর্বে শিক্ষার্থীরা সৃজনশীল ফ্যাশন মুড বোর্ড উপস্থাপন করেন। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জেমি জাহান, দ্বিতীয় স্থান অর্জন করেন সিজমি এবং তৃতীয় স্থান অর্জন করেন উম্মে হাবিবা। আয়োজনের প্রধান আকর্ষণ ‘ইকোস অব অটম স্কাই’-তে ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো ও র্যা ম্প ওয়াক। এ পর্বে প্রথম স্থান অর্জন করেন মুসকান হাসান, দ্বিতীয় স্থান অর্জন করেন তানভীর আহমেদ এবং তৃতীয় স্থান অর্জন করেন নিধি তেরেসা গোমেজ।
ফ্যাশন শো’র প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজির সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আফরোজা হক ডেইজি। বিশেষ বিচারক ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক লিনা জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক মো. সোহেল আনোয়ার এবং আইএসইউর ডিপার্টমেন্ট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাষক মো. হাসিবুল হাসান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন আপন গুড ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিরুল ইসলাম আপন ও ফিয়াট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বাদশা। অনুষ্ঠানে বিজয়ীদের আর্থিক পুরস্কার, উপহার, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
আয়োজকদের মতে, এ আয়োজন শুধু ফ্যাশন উৎসব নয় বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, উপস্থাপনা দক্ষতা ও প্রতিভা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম।
সময়ের আলো/আতা