বিমানবন্দরে দেশে ফেরা প্রবাসী কর্মীরা যাতে কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি রোধে কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে জানানো হয়, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন বাংলাদেশি কর্মী পাঠানো হয়েছে। তাদের মধ্যে নারী কর্মীর সংখ্যা ৩৬ হাজার ৫৯০ জন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের সময়ের তুলনায় প্রায় ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার বেশি।
বৈঠকে বলা হয়, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিদেশে কর্মরত বাংলাদেশিদের সুরক্ষা এবং সংকটের সময় তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান থেকে ১২ নারী ও ৮ শিশুসহ মোট ১৮৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে বৈঠকে জানানো হয়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে তাদের দেশে ফেরত আনা হয়।
বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকদের সংকটকালীন সুরক্ষা এবং প্রয়োজনের সময় তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, সরকার অনুমোদিত বেসরকারি রিক্রুটিং এজেন্সি এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিদেশে কর্মী পাঠানো হচ্ছে। বর্তমানে দেশে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সংখ্যা ২ হাজার ৮৬০টি। এর মধ্যে সচল রয়েছে ২ হাজার ১৮৭টি।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ, বিদেশগামী কর্মীদের সেবা নিশ্চিত এবং বিমানবন্দরে দেশে ফেরা কর্মীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার সুপারিশ করে কমিটি।
কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, আনোয়ারুল ইসলাম এবং আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম অংশ নেন।
সময়ের আলো/এসএকে