গতবার খুব কাছে গিয়েও স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের। যুব এশিয়া কাপে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ছিল অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু পাকিস্তানের কাছে সেমিফাইনালে হেরে থেমে যেতে হয়েছিল সেই যাত্রা। এবার সেই আক্ষেপকে পেছনে ফেলে নতুন করে শিরোপার লড়াইয়ে নামছে বাংলাদেশের যুবারা।
আগামী ৫ নভেম্বর মাঠে গড়াবে ৫০ ওভারের এই টুর্নামেন্ট। আট দলের আসরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল রয়েছে ‘বি’ গ্রুপে। উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।
আট দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া।
৫ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের গ্রুপ পর্বের লড়াই। এক দিন বিরতি দিয়ে ৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে যুবারা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ৯ নভেম্বর, প্রতিপক্ষ মালয়েশিয়া।
গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। এরপর ১৪ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে যুব এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন।
এদিকে এশিয়া কাপের লড়াইয়ে নামার আগে ওমানে আফগানিস্তানের বিপক্ষে ৫টি ওয়ানডে খেলবে যুবারা। আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হবে সিরিজ।
সময়ের আলো/আতা