সীতাকুণ্ডে অস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসী গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি অঞ্চল জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও প্রতিরোধের মুখে পুলিশ অভিযান

2026-10-09T15:28:35+00:00
2026-10-09T15:28:35+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে অস্ত্র ও গুলিসহ চার সন্ত্রাসী গ্রেফতার
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৩:২৮ পিএম 
গ্রেফতার আসামিরা স্থানীয় কুখ্যাত ‘ইয়াছিন বাহিনী’র সক্রিয় সশস্ত্র ক্যাডার। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি অঞ্চল জঙ্গল সলিমপুরে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও প্রতিরোধের মুখে পুলিশ অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি শটগান এবং ১৬ রাউন্ড তাজা গুলিসহ পেশাদার চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে জঙ্গল সলিমপুরের গহীন পাহাড়ি আস্তানায় এ বন্দুকযুদ্ধ ও গ্রেফতারের ঘটনা ঘটে। 

গ্রেফতার সন্ত্রাসীরা হলন—রাসেল (৩০), মোরশেদ (২৮), বাবু (২৫) এবং সাব্বির (৩২)। পুলিশ প্রশাসনের তথ্যমতে, গ্রেফতার আসামিরা স্থানীয় কুখ্যাত ‘ইয়াছিন বাহিনী’র সক্রিয় সশস্ত্র ক্যাডার। পাহাড় দখল, অবৈধ প্লট বাণিজ্য, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল সলিমপুরের পাহাড়ের ভেতরে অবৈধ অস্ত্রধারী ও দাগি আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে সীতাকুণ্ড মডেল থানা ও জেলা পুলিশের যৌথ টিম অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাহাড়ি আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে আকস্মিক গুলি ছোড়ে ইয়াছিন বাহিনীর ক্যাডাররা। পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে ও পাল্টা কৌশল গ্রহণ করে এলাকাটি চারদিক থেকে ঘিরে ফেলে।

দীর্ঘ সময় ধরে চলা অভিযানের একপর্যায়ে ধাওয়া করে চার সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ হাতেনাতে পাকড়াও করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম জানান, অভিযান চালাতে গেলে দুর্গম পাহাড়ের ভেতর থেকে সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। তবে পুলিশি তৎপরতায় কোনো হতাহত ছাড়াই চার সন্ত্রাসীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, শটগান এবং ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও যোগ করেন, জঙ্গল সলিমপুরসহ সীতাকুণ্ডের পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসী, ভূমিদস্যু ও অবৈধ অস্ত্রধারীদের কোনো ছাড় দেওয়া হবে না। সন্ত্রাস নির্মূলে পুলিশের এ বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে।


গ্রেফতার আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও সরকারি কাজে বাধা প্রদানসহ একাধিক ধারায় মামলা দায়ের করে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   সীতাকুণ্ড  অস্ত্র ও গুলি  চার সন্ত্রাসী  গ্রেফতার  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: