নাভি পিল্লাইকে ‘আমেরিকাবিদ্বেষী’ বলে আক্রমণ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শান্তিতে নোবেল পুরস্কার না পেয়ে এবার পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে আক্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ আফ্রিকার এই আইনজ্ঞকে ‘আমেরিকাবিদ্বেষী’

2026-10-09T21:44:37+00:00
2026-10-09T21:44:37+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নাভি পিল্লাইকে ‘আমেরিকাবিদ্বেষী’ বলে আক্রমণ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৯:৪৪ পিএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শান্তিতে নোবেল পুরস্কারজয়ী নাভি পিল্লাই। সংগৃহীত ছবি
শান্তিতে নোবেল পুরস্কার না পেয়ে এবার পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে আক্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ আফ্রিকার এই আইনজ্ঞকে ‘আমেরিকাবিদ্বেষী’ হিসেবে আখ্যা দেওয়ার পাশাপাশি তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট পুনরায় শেয়ার করে ট্রাম্প দাবি করেন, নাভি পিল্লাইকে পুরস্কার দিয়ে নোবেল কমিটি একসময়ের মর্যাদাপূর্ণ শান্তি পুরস্কারের অবমাননা করেছে।

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিচারক ও আইনজ্ঞ নাভি পিল্লাই। আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মান দেওয়া হয়েছে।

পুরস্কার ঘোষণার পর পিল্লাইকে অভিনন্দন জানিয়ে করতালি দেওয়া হচ্ছিল। সে সময় রসিকতা করে তিনি বলেন, ‘আপনারা যদি আরেকটু জোরে করতালি দেন, তাহলে হয়তো এই পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি!’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের প্রকাশ করা একটি ভিডিওতে পিল্লাইকে এ মন্তব্য করতে শোনা যায়। তবে তাঁর এই রসিকতার পর ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল আক্রমণাত্মক।

ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে পিল্লাইকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি বিদ্বেষী হিসেবে আখ্যা দেওয়া হয়। পোস্টটিতে বলা হয়, নাভি পিল্লাইকে পুরস্কার দেওয়ার মাধ্যমে নোবেল কমিটি নিজেদের ভাবমূর্তির অপূরণীয় ক্ষতি করেছে এবং একসময়ের মহান নোবেল শান্তি পুরস্কারের মর্যাদা ক্ষুণ্ন করেছে।

পোস্টে পিল্লাইয়ের বিরুদ্ধে সন্ত্রাসীদের সমর্থন, হামাসকে পুরস্কৃত করা এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তদন্তের দাবি তোলার মতো অভিযোগও করা হয়। সেখানে দাবি করা হয়, শান্তি প্রতিষ্ঠায় পিল্লাইয়ের উল্লেখযোগ্য কোনো অবদান নেই। অতীতে ইয়াসির আরাফাতকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করা হয়।


অন্যদিকে ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে পোস্টটিতে বলা হয়, তিনি আব্রাহাম চুক্তি সম্পাদন, জিম্মিদের ফিরিয়ে আনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ভূমিকা রেখেছেন। পাশাপাশি ইরানকে মোকাবিলা ও গাজা পুনর্গঠনের উদ্যোগের কথাও উল্লেখ করা হয়। পোস্টটির দাবি, এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল।

কেন নোবেল পেলেন নাভি পিল্লাই?

নরওয়ের রাজধানী অসলোর এক অনুষ্ঠানে নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রিডনেস ২০২৬ সালের শান্তি পুরস্কারজয়ী হিসেবে নাভি পিল্লাইয়ের নাম ঘোষণা করেন। কমিটির বক্তব্য অনুযায়ী, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিত করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

৮৫ বছর বয়সী পিল্লাই ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আইনজ্ঞ। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ছিলেন। কর্মজীবনের শুরুর দিকে নেলসন ম্যান্ডেলা ও বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্য কর্মীদের পক্ষেও আইনজীবী হিসেবে কাজ করেন তিনি।

আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে পাওয়া এ পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। আগামী ১০ ডিসেম্বর অসলোর অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   নাভি পিল্লাই  শান্তি  নোবেল  আমেরিকাবিদ্বেষী  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: