ফুলহামের বর্ষসেরা বাংলাদেশের ফারহান

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর এবার ইংলিশ ক্লাব ফুটবলেও বড় স্বীকৃতি পেলেন ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব

2026-10-10T00:10:50+00:00
2026-10-10T00:10:50+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
খেলা
ফুলহামের বর্ষসেরা বাংলাদেশের ফারহান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:১০ এএম 
ফারহান আলী ওয়াহিদ। ছবি : সংগৃহীত
বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর এবার ইংলিশ ক্লাব ফুটবলেও বড় স্বীকৃতি পেলেন ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের একাডেমির ২০২৬ সালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ উইঙ্গার। ক্লাবটির কিংবদন্তি জনি হেইনেসের নামে দেওয়া ‘জনি হেইনেস ট্রফি’ জিতেছেন ১৯ বছর বয়সি ফারহান।

ফুলহামের খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে পুরস্কারজয়ী হিসেবে ফারহানের নাম ঘোষণা করা হয়। চলতি সপ্তাহের শুরুতে ক্লাবের অনুশীলনকেন্দ্র মোটসপুর পার্কে গিয়ে ফুলহাম সাপোর্টার্স ট্রাস্টের কাছ থেকে ট্রফিটি গ্রহণ করেন এই ফুটবলার।

ফারহানের কাছে এই স্বীকৃতির বিশেষত্ব শুধু ব্যক্তিগত অর্জনে নয়, সতীর্থদের সমর্থনেও। পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, সতীর্থদের ভোট পাওয়া তার জন্য অত্যন্ত তৃপ্তিদায়ক। তাদের সহযোগিতা, অনুপ্রেরণা ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশই তাকে আরও ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে। আগে যারা এই ট্রফি জিতেছেন, তাদের তালিকায় নিজের নাম যুক্ত হওয়াকেও বিশেষ অর্জন হিসেবে দেখছেন তিনি।

২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম ফারহানের। তার বাবা-মা বাংলাদেশি বংশোদ্ভূত এবং তাদের পারিবারিক শিকড় সিলেটে। লন্ডনে বেড়ে ওঠা এই উইঙ্গারের ফুটবলে হাতেখড়ি চেলসির একাডেমিতে। ২০১৯ সালে যোগ দেন ফুলহামের যুব দলে। সেখান থেকেই ধাপে ধাপে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়ে এগিয়েছেন তিনি।

গত মৌসুমে পেশাদার ফুটবলে প্রথম বছরেই নজর কাড়েন ফারহান। অনূর্ধ্ব-২১ পর্যায়ের প্রিমিয়ার লিগ টুতে ২১ ম্যাচে গোল ও সতীর্থকে দিয়ে গোল করানো মিলিয়ে ১৭টি গোলে অবদান রাখেন তিনি। তার পারফরম্যান্সে লিগে চতুর্থ স্থান পায় ফুলহাম। গত বছরের নভেম্বরে লিগটির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পাশাপাশি মৌসুমসেরার পুরস্কারের জন্যও মনোনয়ন পেয়েছিলেন তিনি।

গত আগস্টে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে যোগ দেন ফারহান। নতুন দলের হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন তিনি। তবে ফুলহামের একাডেমিতে তার ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার তরুণ ফুটবলারটির ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ সংযোজন।

ক্লাব পর্যায়ের এই সাফল্যের মধ্যেই বাংলাদেশের জাতীয় দলের হয়ে নিজের পরিচিতিও বাড়িয়েছেন ফারহান। গত মাসে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। এরপর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে করেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল। প্রায় ৫০ হাজার দর্শকের সামনে গোল করার অভিজ্ঞতাকে বিশেষ বলে উল্লেখ করেছেন তিনি।

বাংলাদেশের হয়ে খেলতে পারাকে নিজের ও পরিবারের জন্য গর্বের মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন ফারহান। দেশের সমর্থকদের কাছ থেকে পাওয়া বার্তা তাকে আনন্দিত করেছে বলেও জানান তিনি। সামনে বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছেন এই তরুণ উইঙ্গার।

ফুলহামের কিংবদন্তি ফুটবলার জনি হেইনেসের নামে ২০১৯ সালে চালু হয় একাডেমির বর্ষসেরা খেলোয়াড়ের এই পুরস্কার। ফুলহাম সাপোর্টার্স ট্রাস্টের সদস্য পিটার গ্রিনহ্যামের উদ্যোগে প্রবর্তিত ট্রফিটি ক্লাবের প্রতিশ্রুতিশীল তরুণদের স্বীকৃতি দেয়। এবার সেই তালিকায় যুক্ত হলো ফারহান আলী ওয়াহিদের নাম— যার ক্যারিয়ারে একই সময়ে যুক্ত হচ্ছে ইংল্যান্ডের ক্লাব ফুটবলের স্বীকৃতি এবং বাংলাদেশের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   ফুলহাম  বর্ষসেরা  বাংলাদেশ  ফারহান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: