ব্রাদার্সকে গোল বন্যায় ভাসাল ফর্টিস

ক্রীড়া প্রতিবেদক

খেলা

প্রথমার্ধে ব্রাদার্সের গোলরক্ষককে টপকাতে পারছিলেন না ফর্টিস এফসির ফরোয়ার্ডরা। একের পর এক আক্রমণ সামলে ব্রাদার্স ইউনিয়নকে বাঁচিয়ে রেখেছিলেন গোলরক্ষক মোহাম্মদ

2026-10-10T00:14:42+00:00
2026-10-10T00:14:42+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
খেলা
ব্রাদার্সকে গোল বন্যায় ভাসাল ফর্টিস
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:১৪ এএম 
সংগৃহীত ছবি
প্রথমার্ধে ব্রাদার্সের গোলরক্ষককে টপকাতে পারছিলেন না ফর্টিস এফসির ফরোয়ার্ডরা। একের পর এক আক্রমণ সামলে ব্রাদার্স ইউনিয়নকে বাঁচিয়ে রেখেছিলেন গোলরক্ষক মোহাম্মদ রাজিব। কিন্তু বিরতির পর সেই প্রতিরোধ আর টেকেনি। মোহাম্মদ ইব্রাহীমের গোলে শুরু, তারপর একে একে আরও পাঁচবার মোট ছয়বার ব্রাদার্সের জালে বল পাঠিয়েছে ফর্টিস এফসি। বড় জয়ে বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানও নিজেদের করে নিয়েছে দলটি।

শুক্রবার গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে ব্রাদার্সকে ৬-০ গোলে হারিয়েছে ফর্টিস। গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবু করেছেন দুই গোল, সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি। বাকি গোলগুলো ইব্রাহীম, মোহাম্মদ ইনসান হোসেন, স্টিফেন চুকউদে ও রাফায়েল টুডুর।

শুরুর বাঁশি থেকেই আক্রমণাত্মক ছিল ফর্টিস। একের পর এক আক্রমণে ব্রাদার্সের রক্ষণ যখন বিপর্যস্ত, তখন গোলপোস্টের নিচে দাঁড়িয়ে দলকে আগলে রেখেছিলেন গোলরক্ষক রাজিব। তার নৈপুণ্যেই বিরতিতে সমতা ধরে রাখতে পেরেছিল দলটি।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের চিত্র বদলে যায়। ৫৫ মিনিটে ব্রাদার্সের সৈয়দ আলী রেজার শট সহজেই নিয়ন্ত্রণে নেন ফর্টিসের গোলরক্ষক সুজন পেরেইরা। পরের মিনিটেই চুকউদের ক্রস থেকে পা ওমর বাবুর শট ঠেকিয়েছিলেন রাজিব। কিন্তু ফিরতি বলে ইব্রাহীমের প্রচেষ্টা আর আটকে রাখতে পারেননি। ৫৬ মিনিটে এগিয়ে যায় ফর্টিস।

গোল হজমের পর ম্যাচে ফেরার মতো চাপ তৈরি করতে পারেনি ব্রাদার্স। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইনসান। বাঁ প্রান্ত থেকে ইসা জালোর নিচু ক্রসে দূরের পোস্টে পা ছুঁইয়ে বল জালে পাঠান তিনি। লিগে এটি তার প্রথম গোল। এক মিনিট পর পা ওমর বাবুর শট আটকে দিয়ে আরও বড় বিপদ সামলান রাজিব। ম্যাচের শেষ ১৫ মিনিটে আরও চার গোল হজম করে ব্রাদার্স।

৭৫ মিনিটে মনির আলমের রক্ষণভেদী পাস ধরে ডিফেন্ডারদের পেছনে ফেলে নিখুঁত ফিনিশিংয়ে নিজের প্রথম গোলটি করেন পা ওমর বাবু। চার মিনিট পর চুকউদের শট কর্নারের বিনিময়ে ঠেকান রাজিব। কিন্তু ৮১ মিনিটে কঠিন কোণ থেকে শট নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন বাবু। এতে ব্যবধান দাঁড়ায় ৪-০।

দুই মিনিট পর চুকউদে নিজেই গোলের খাতায় নাম লেখান। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রাফায়েল টুডুর গোলে ছয় গোলের জয় নিশ্চিত হয় ফর্টিসের। শেষ দুটি গোলেও অবদান ছিল পা ওমর বাবুর। দুই গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে ম্যাচের সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন গাম্বিয়ান ফরোয়ার্ড।

দিনের আরেক ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় ঢাকা ওয়ান্ডারার্সেও বিপক্ষে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটেই দুইবার প্রতিপক্ষের জালে পাঠায় কিংস। প্রথমার্ধেও যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে ওয়ান্ডারার্সের গোলরক্ষক জসীম উদ্দিন। বিরতিতে থেকে ফিরেই আবারও গোলের দেখা পায় কিংস। 

এদিকে ম্যাচে গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি এফসিকে ২-১ গোলে হারিয়েছে সিটি ক্লাব। প্রথম ম্যাচে ফর্টিসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করার পর টানা দুই জয় পেল মিরপুরের দলটি। মুন্সীগঞ্জে পিডব্লিউডি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। তিন ম্যাচ শেষে ফর্টিস ও সিটি ক্লাব— দুদলেরই পয়েন্ট সাত। দুদলই দুটি জয় ও একটি ড্র পেয়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ফর্টিস, সিটি ক্লাব রয়েছে তাদের পেছনে।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   ব্রাদার্স  গোল বন্যা  ফর্টিস  সময়ের আলো  ফুটবল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: