মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের দুই দিন পর রেললাইনের পাশ থেকে জুবায়ের ইসলাম জুবেল (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু রেলওয়ে স্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুবেল উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে ওঠেন জুবেল। রাত ৭টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে তার শেষ কথা হয়। এর পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পরবর্তী সময়ে শুক্রবার সকালে মনু রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, প্রাথমিক ধারণায় মনে হচ্ছে ট্রেন থেকে পড়ে গিয়ে জুবায়েরের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়েরে আলো/জোই