হবিগঞ্জের আজমিরীগঞ্জে গরুর জন্য কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে বিষাক্ত প্রাণীর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার জলসুখা ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ ওই গ্রামের নাথ হাটির নিপু দেবনাথের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সৌরভ বাড়ির পালিত গরুর খাবারের জন্য পার্শ্ববর্তী নদীর পাড়ে কচুরিপানা কাটতে যান। কচুরিপানা কাটার একপর্যায়ে কাঁকড়ার মতো দেখতে একটি প্রাণী (পরিবারের দাবি বিচ্ছু) তার ডান হাতের একটি আঙুলে কামড় দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আদিব ইসলাম জানান, সৌরভকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার ডান হাতের আঙুলে কামড়ের দাগ রয়েছে। তবে কামড়টি বিচ্ছুর নাকি সাপের, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সময়ের আলো/জোই