দীর্ঘদিনের আস্থায় গড়ে উঠুক ভবিষ্যতের ভিত

সম্পাদকীয়

মতামত

জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। স্বাধীনতার পর গত পাঁচ দশকের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব,

2026-10-10T16:24:51+00:00
2026-10-10T16:24:51+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
মতামত
বাংলাদেশ-জাপান : পাঁচ দশকের বন্ধুত্ব
দীর্ঘদিনের আস্থায় গড়ে উঠুক ভবিষ্যতের ভিত
সম্পাদকীয়
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:২৪ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। স্বাধীনতার পর গত পাঁচ দশকের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব, আস্থা ও সহযোগিতার সম্পর্ক। জাপানের অবদান বাংলাদেশের উন্নয়নযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরিবর্তিত অর্থনৈতিক ও ভূরাজনৈতিক বাস্তবতায় এই সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার সুযোগ তৈরি হয়েছে। ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর সেই সুযোগ কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

যমুনা বহুমুখী সেতু, ঢাকার মেট্রোরেল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে জাপানের অর্থায়ন ও কারিগরি সহযোগিতা রয়েছে। এসব প্রকল্প যোগাযোগব্যবস্থার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছে। এর ফলে দেশের উৎপাদন, বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাও বেড়েছে।  

উন্নয়ন সহযোগিতার সুফল পেতে সময়মতো প্রকল্প বাস্তবায়ন, ব্যয় নিয়ন্ত্রণ, স্বচ্ছতা ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। জাপানের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রেও এসব বিষয়ে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ঋণের টাকা এমন প্রকল্পে ব্যবহার করতে হবে যেগুলো উৎপাদনশীলতা বাড়াবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দীর্ঘ মেয়াদে অর্থনীতিকে শক্তিশালী করবে।

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বাণিজ্য ও বিনিয়োগ। জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আকর্ষণ করা গেলে অর্থনীতিতে নতুন গতি আসতে পারে। তবে শুধু বিনিয়োগের আহ্বান জানালেই হবে না। নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ, উন্নত যোগাযোগব্যবস্থা, সহজ শুল্ক ও করপ্রক্রিয়া নিশ্চিত করতে হবে। নীতির ধারাবাহিকতা এবং দুর্নীতিমুক্ত ব্যবসায়িক পরিবেশ থাকাও জরুরি।

দুই দেশের সহযোগিতায় দক্ষ জনশক্তি রফতানি হতে পারে নতুন সম্ভাবনার ক্ষেত্র। জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। দেশটির বিভিন্ন খাতে কর্মীর চাহিদা রয়েছে। অন্যদিকে বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ কাজের সুযোগ খুঁজছেন। এই দুই বাস্তবতাকে কাজে লাগাতে পারলে উভয় দেশই লাভবান হতে পারে।
 
তবে শ্রমশক্তি রফতানিকে কেবল কর্মী পাঠানোর উদ্যোগ হিসেবে দেখলে চলবে না। জাপানি ভাষা, কারিগরি দক্ষতা ও কর্মক্ষেত্রের নিয়মকানুন শেখানোর জন্য মানসম্মত প্রশিক্ষণব্যবস্থা গড়ে তুলতে হবে। নিয়োগপ্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে হবে। 


অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কও গুরুত্বপূর্ণ। জাপানের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ সমুদ্র অর্থনীতি, দুর্যোগ ব্যবস্থাপনা, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও সামুদ্রিক যোগাযোগের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে এই সহযোগিতা বাংলাদেশের জাতীয় স্বার্থ, স্বাধীন পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক ভারসাম্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। 

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানেও জাপানের কূটনৈতিক ও মানবিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। মিয়ানমারে অনুকূল পরিস্থিতি সৃষ্টি, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখতে জাপানকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো যেতে পারে।

বাংলাদেশ-জাপান সম্পর্কের শক্তি শুধু দুটি দেশের কিছু চুক্তি বা উন্নয়ন প্রকল্পে সীমাবদ্ধ নয়। দুই দেশের মানুষের যোগাযোগ, শিক্ষা, সংস্কৃতি ও পারস্পরিক আস্থাও এই সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি। প্রধানমন্ত্রীর আসন্ন সফরে এই সম্পর্ক নতুন উচ্চতায় উঠবে বলে আমরা আশা করতে চাই। বন্ধুত্বের পাঁচ দশকে এখন পর্যন্ত যা অর্জন হয়েছে তার ওপর ভিত্তি করে ভবিষ্যতে টেকসই উন্নয়নের লক্ষ্যে উভয়পক্ষকে আন্তরিকভাবে কাজ করতে হবে। জাপানের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগের সঙ্গে বাংলাদেশের জনশক্তি, বাজার ও ভৌগোলিক সম্ভাবনার সমন্বয় ঘটাতে পারলে দুই দেশই লাভবান হবে।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   আস্থা  ভবিষ্যত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
মতামত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: