প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে সরকারের ব্যর্থতা উল্লেখ করে পরীক্ষার্থীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
শনিবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান এসব দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, বেকারত্বের দুঃসময়ে একটি চাকরির পরীক্ষা লাখো শিক্ষিত তরুণের কাছে আশার আলো হয়ে দেখা দেয়। হতাশার মধ্যে বেঁচে থাকার অবলম্বন খুঁজতে তরুণেরা রাত জেগে প্রস্তুতি নেন। বেকারত্বের মধ্যে ধারদেনা করে পরীক্ষার ফি ও যাতায়াতের খরচ জোগাড় করেন। কিন্তু পরীক্ষাকেন্দ্রে গিয়ে প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা বাতিলের খবর জানতে পারা তাদের জন্য চরম হতাশার।
গাজী আতাউর রহমান বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। পরীক্ষার্থীদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ইসলামী আন্দোলনের মহাসচিবের অভিযোগ, সরকারের সক্ষমতা দুর্বল এবং প্রশাসন অতিমাত্রায় দুর্নীতিগ্রস্ত হলেই এ ধরনের ঘটনা ঘটতে পারে। তার ভাষায়, প্রশ্নপত্র ফাঁস রাষ্ট্রের ব্যর্থতা। ৫৫ বছরের একটি রাষ্ট্রের এমন ব্যর্থতার দায় তরুণেরা নেবে না। বিএনপি সরকারও এ দায় এড়াতে পারে না।
বিবৃতিতে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি ঠেকাতে প্রাতিষ্ঠানিক প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান গাজী আতাউর রহমান।
সময়ের আলো/এসএকে