প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে রবিউল হোসেন (১৯) নামে তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য জানান। এর আগে, সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে নোয়াখালীর সদর উপজেলায় নেওয়াজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রবিউল হোসেন একই ইউনিয়নের ধন্যপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
কিশোরীর বাবার অভিযোগ, তাঁর মেয়ে একসময় মাদরাসায় পড়াশোনা করত। বর্তমানে তার লেখাপড়া বন্ধ রয়েছে। একই বাড়ির রবিউল দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল।
তিনি জানান, সোমবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায় তাঁর মেয়ে। পরে বাথরুম থেকে ঘরে ফেরার পথে রবিউল তাকে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। ওই দিন বাজার থেকে বাড়ি ফেরার পর মেয়ে তাঁকে বিষয়টি জানায়। পরে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। তবে অভিযুক্তের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করেন এবং উল্টো তাঁদের গালমন্দ করেন বলে দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে রবিউল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
ওসি মো. নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারের সদস্যরা থানায় এসেছেন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করছেন। মামলার প্রক্রিয়া চলছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন