সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, দুই বিভাগের পরীক্ষা স্থগিত

শাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাদমান রহমান নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (১০ অক্টোবর) দিবাগত

2026-10-11T13:48:57+00:00
2026-10-11T13:48:57+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, দুই বিভাগের পরীক্ষা স্থগিত
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১:৪৮ পিএম 
সাদমান রহমান। ছবি : সময়ের আলো
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাদমান রহমান নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন তপোবন আবাসিক এলাকার সামনে এই দুর্ঘটনা ঘটে। সাদমান পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ক্যাম্পাসে; স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়টির দুটি বিভাগের নির্ধারিত পরীক্ষা।

সহপাঠী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ীর মধ্যভবানীপুরের বাসিন্দা সাদমান শাবিপ্রবি সংলগ্ন টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন। শনিবার রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে মোটরসাইকেল নিয়ে মদিনা মার্কেটের দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে তপোবন এলাকায় একটি স্পিডব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে আছড়ে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয় ও সহপাঠীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদমানকে মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনার বিষয়ে সিলেট মহানগরের জালালাবাদ থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, প্রাথমিক সুরতহাল ও তদন্তে বিষয়টি সড়ক দুর্ঘটনা বলেই নিশ্চিত হওয়া গেছে। স্পিডব্রেকারে গতি সামলাতে না পেরে মোটরসাইকেলটি আইল্যান্ডে ধাক্কা খায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোখলেসুর রহমান জানান, দ্রুতগতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে লাশবাহী গাড়ি স্বগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে এবং সাদমানের দুজন সহপাঠী লাশের সঙ্গে রয়েছেন।

শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের আবহ তৈরি হয়েছে। পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান আবদল হান্নান জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কারণে রোববারের নির্ধারিত ২০২১-২২ শিক্ষাবর্ষের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। এছাড়া সাদমানের লাশ নিয়ে তার গ্রামের বাড়িতে যাওয়া সহপাঠী খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি (এফইটি) বিভাগের হওয়ায়, ওই বিভাগেরও প্রথম সেমিস্টারের একটি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সময়ের আলো/জোই
  বিষয়:   সিলেট  মোটরসাইকেল দুর্ঘটনা  শাবিপ্রবি  শিক্ষার্থীর মৃত্যু  বিভাগ  পরীক্ষা স্থগিত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: