নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় খেলাধুলার সময় আর্থিংয়ের তারে স্পর্শ লেগে মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশু ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় সন্তানদের বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়েছেন তাদের মা। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলো কাওয়ালীকান্দা গ্রামের বাসিন্দা মো. আব্দুস সাত্তার ও পান্না বেগম দম্পতির দুই ছেলে—মুয়াজ (৬) এবং আরাফাত (৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে দুই ভাই নিজেদের বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অসাবধানতাবশত ছোট ভাই আরাফাত ঘরের পাশে থাকা একটি আর্থিংয়ের তার স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে পড়ে। তাকে ছটফট করতে দেখে বাঁচাতে ছুটে যায় বড় ভাই মুয়াজ। সে স্পর্শ করা মাত্রই নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়ে।
দুই সন্তানের চিৎকার শুনে তাদের মা পান্না বেগম দ্রুত ছুটে এসে দুজনকেই উদ্ধারের চেষ্টা চালান। তবে সন্তানদের বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত মাকে একই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, সচরাচর আর্থিংয়ের তারে বিদ্যুৎ থাকে না। তবে ঘরের সুইচবোর্ড থেকে কোনোভাবে কারিগরি ত্রুটির কারণে ওই তারে বিদ্যুৎ পরিবাহী হয়ে পড়েছিল। আর তাতেই এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/জোই