আবুধাবি টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দলীয় ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে বড় লিড পেয়েছে সফরকারীরা। দিন শেষে ৬ উইকেটে ২২৩ রান তুলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের লিডসহ বাংলাদেশের ব্যবধান এখন ৩২৯ রান।
দুই দলের প্রথম ইনিংস শেষে ১০৬ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩১ রানে উদ্বোধনী জুটি হারায় দলটি। এরপর সাজঘরে ফেরেন মুমিনুল হক। আগের ইনিংসে দারুণ ব্যাট করা তানজিদ হাসান তামিমও বেশিক্ষণ টিকতে পারেননি।
সাদমান ইসলাম ২২ বলে ১৩ রান করেন। মুমিনুলের ব্যাট থেকে আসে ১৪ বলে ৭ রান। আর আক্রমণাত্মক ব্যাটিংয়ে তানজিদ ৩৮ বলে করেন ৩১ রান।
এরপর চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন মুশফিক ও শান্ত। দুজনের ১৬৩ রানের জুটিতে বড় লিডের পথে এগিয়ে যায় বাংলাদেশ। দুজনই পেয়েছেন ফিফটির দেখা। তবে সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি কেউই। ১৪৮ বলে ৯টি চারের সাহায্যে ৮১ রান করে আউট হন মুশফিক।
অধিনায়ক শান্তও খেলেছেন দারুণ এক ইনিংস। ১৯১ বলে ৫টি চারে ৮২ রান করে সাজঘরে ফেরেন তিনি। তাঁদের বিদায়ের পর দ্রুত আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। হাসান মাহমুদ ৬ বলে ১ রান করে আউট হন।
দিন শেষে লিটন দাস ৫ রান ও মেহেদী হাসান মিরাজ শূন্য রানে অপরাজিত আছেন।
আফগানিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন জিয়া উর রহমান ও ইয়ামিন আহমেদজাই। মোহাম্মদ সেলিম ও কায়েস আহমেদ পেয়েছেন একটি করে উইকেট।
সময়ের আলো/এসএকে