ওমানের উপকূলে নোঙর করে থাকা একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় জাহাজে থাকা বাকি নয় ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, ‘এমটি পেট্রো ডলফিন’ নামের ট্যাংকারটি ওমানের সোহর নোঙর এলাকায় অবস্থানকালে হামলার শিকার হয়। জাহাজটিতে মোট ১১ জন ভারতীয় নাবিক ছিলেন।
ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, নয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে বাকি দুজনের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ নাবিকদের উদ্ধারে ওমানের কোস্টগার্ডের নেতৃত্বে অভিযান চলছে। তাদের সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ভারত সরকার নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান মন্ত্রী।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এ হামলার ঘটনা ঘটল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েছে। এর প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও ব্যাহত হচ্ছে। এই প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ।
প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে ইরান শত্রুতা বন্ধ, নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ করা সম্পদ ফেরত দেওয়াসহ কয়েকটি শর্ত দিয়েছে।
যুদ্ধের প্রভাবে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১৬ জন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। নতুন করে দুই নাবিক নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
সময়ের আলো/এমকে