ভারী বৃষ্টিপাত ছাড়াই নেপালে ফের আকস্মিক বন্যায় বিপর্যয় নেমে এসেছে। এতে ২০৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, দুর্ভোগে পড়েছেন ৬৫০ জনের বেশি মানুষ। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার অভিযানে নেমেছে দেশটির নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনী। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রোববার (১১ অক্টোবর) এই আকস্মিক বন্যা হয়।
কর্মকর্তারা জানান, আকস্মিক বন্যার পর ক্ষতিগ্রস্ত এলাকায়, বিশেষ করে সবচেয়ে বেশি আক্রান্ত গোর্খা জেলায়, উদ্ধারকাজে ৭০০’র বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত ৯ জন বিদেশিসহ ৯৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
নেপালি সেনাবাহিনী জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে তারা ৪টি হেলিকপ্টার ব্যবহার করছেন। বাহিনী আকাশপথে পর্যবেক্ষণও চালিয়েছে এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষকে জানিয়েছে, ভূমিধসের কারণে উজানে নদীর গতিপথ আটকে যাওয়ায় এই আকস্মিক বন্যা হয়ে থাকতে পারে।
গোর্খার গ্রামীণ পৌরসভা আরুঘাটের সরকারি কর্মকর্তা টেক বাহাদুর অধিকারী বিবিসিকে বলেন, ‘রোববারের বন্যার কোনো সুস্পষ্ট কারণ ছিল না। আগে আমরা ভাবতাম, ভারী বৃষ্টি হলে বন্যা হবে। কিন্তু দেখা যাচ্ছে, বন্যার জন্য ভারী বৃষ্টির প্রয়োজন নেই। বৃষ্টি না হওয়া সত্ত্বেও এমন বন্যা হলো।’
সময়ের আলো.মহু