মৌলভীবাজার সদর উপজেলার নারাইনপাশা এলাকায় চা বিক্রেতা দুরুদ মিয়া হত্যা মামলায় ছাদিক মিয়া নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অন্য সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকালে পাওনা ১ হাজার ২৬৩ টাকা চাওয়াকে কেন্দ্র করে ছাদিক মিয়ার সঙ্গে চা বিক্রেতা দুরুদ মিয়ার বিরোধ হয়। পরে ছাদিক মিয়া দলবল নিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে দুরুদ মিয়ার ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিহতের ছেলে মকবুল মিয়া বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিয়ামুল হক জানান, দীর্ঘ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ছাদিক মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্য সাত আসামি তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান, আতাউর রহমান, শফিক মিয়া ও আছাব মিয়াকে খালাস দিয়েছেন আদালত।
রায় ঘোষণার পর আসামি ও তার স্বজনদের আদালতের বারান্দায় কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. বিল্লাল হোসেন।
সময়ের আলো/জোই