
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলোচট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের দরজা বাইরে থেকে লোহার চেইন দিয়ে আটকে আগুন লাগিয়ে এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আজিজুল হক (৬১) নামের এক ব্যক্তি। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে তার মাথা ও পিঠের বেশ কিছু অংশ পুড়ে গেছে।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার উত্তর আকুবদন্ডী গ্রামে মৌলানা অলি আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির বাসিন্দা নুরুল ইসলাম জানান, শনিবার মধ্যরাতে আজিজুল হকের টিনশেড সেমিপাকা ঘরে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে তারা চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে বাড়ির বাসিন্দা ছাবের আহমদ ও মুন্নাসহ কয়েকজন মিলে ঘর থেকে আজিজুল হককে উদ্ধার করেন। তবে দরজার বাইরে লোহার চেইন দিয়ে আটকে রাখায় তাকে বের করতে বেশ বেগ পেতে হয়।
পরে তাকে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আগুন লাগানোর কারণ সম্পর্কে নুরুল ইসলাম বলেন, জায়গা নিয়ে বিরোধের জেরে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে বলে তাদের সন্দেহ। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী ছাবের আহমদ বলেন, মধ্যরাতে আগুনের শিখা দেখে বাড়ির সামনে গিয়ে দেখেন, ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখনো আজিজুল হক ভেতরে ছিলেন। তার খোঁজ নিতে গিয়ে দেখা যায়, বাইরে থেকে দরজাটি লোহার চেইন বা হুকজাতীয় কিছু দিয়ে আটকানো। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।
ছাবের আহমদের ধারণা, দাহ্য পদার্থ ব্যবহার করে ঘরে আগুন দেওয়া হয়েছে। বর্তমানে আজিজুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা অলক চাকমা সময়ের আলোকে বলেন, শনিবার দিবাগত রাতে আকুবদন্ডী এলাকায় আগুন লাগে। রোববার ভোর ৩টা ৭ মিনিটে তাদের কাছে আগুন লাগার খবর আসে। পরে দ্রুত একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, বাড়ির বাসিন্দা আজিজুল হক আগুনে দগ্ধ হয়েছেন। তাকে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আগুন লাগার কারণ সম্পর্কে অলক চাকমা বলেন, আশপাশের লোকজনের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, শত্রুতার জেরে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে। এ ঘটনায় আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
সময়ের আলো/জোই