নরসিংদী শহর ও শহরতলী এলাকায় পৃথক অভিযানে গুলিভর্তি ম্যাগজিন ও বিদেশি পিস্তলসহ একজন এবং এসআরবির হাতে ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ও এসআরবি-১১ স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান টিম।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো.কলিমুল্লাহ এবং এসআরবি-১১ নরসিংদীর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্যাম্প কমান্ডার) মো. আরিফুল ইসলাম পৃথকভাবে তথ্যটি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন, শহরের পূর্ব দত্তপাড়া এলাকার বাসিন্দা শাখায়াত হোসেন (২৯) ওরফে শখূ এবং সদর উপজেলার হাজীপুর গ্রামের বাসিন্দা ভজন চন্দ্র সরকার (৩৮)। এ সময় শাখায়াত হোসেনের কাছ থেকে ৪ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরের পূর্ব দত্তপাড়া এলাকার শহীদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৪ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ শাখায়াত হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো.কলিমুল্লাহ বলেন, ‘গ্রেফতার আসামি একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা ও ১টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে এজাহার দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
অন্যদিকে এসআরবি-১১ সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টায় সদর উপজেলার হাজীপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-১১’র একটি দল অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানার ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভজন চন্দ্র সরকার (৩৮) নামে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।
এসআরবি-১১ ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম জানান, গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক অবস্থায় ছিলেন। গ্রেফতারের পর তাকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/মহু