নওগাঁর মহাদেবপুরে চোর অপবাদে কয়েক ঘন্টা বেঁধে রেখে প্রথম শ্রেণির শিশুশিক্ষার্থী মো. মাফিকে (৮) নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ও অপমানিত হওয়ার পরে শিশুটি বাড়ি ফিরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার রাইগাঁ ইউনিয়নের সহরাই গ্রামে এ ঘটনা ঘটে। মাফি সহরাই গ্রামের ওয়াহেদুজ্জামানের ছেলে ও সহরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার রাইগাঁ ইউনিয়নের সহরাই গ্রামের মনতাজের দোকানে যায় শিশুটি। এ সময় দোকানের ক্যাশ বাক্সে হাত দেওয়ার অভিযোগে তাকে দোকানের পাশের একটি ঘরে কয়েক ঘণ্টা আটকে রেখে মনতাজ, তার স্ত্রী নাজমাসহ পাশের দোকানদাররা তাকে বেঁধে রেখে মারপিট ও নির্যাতন করে। শিশুটিকে নির্যাতনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা, দোকান ঘরের মালিক সহরাই গ্রামের মোনায়েম হোসেন রঞ্জুর বিরুদ্ধেও নির্যাতনে সহায়তা করার অভিযোগ উঠেছে।
শিশুটিকে আটকে রাখার খবর পেয়ে তাকে ছাড়িয়ে নিতে বিদ্যালয়ের দুই শিক্ষিকাসহ দপ্তরি ফিরোজ ঘটনাস্থলে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করে তাদেরকে তাড়িয়ে দেন বলে তারা জানিয়েছেন।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের শিক্ষক আতিয়ার রসুল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে তার পরিবারের লোকজনের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালে আওয়ামী লীগ নেতা রঞ্জু তার বাগ্বিতণ্ডায় জড়িয়ে শিক্ষক আতিয়ার রসুলকে চোর আখ্যায়িত করে চুরির টাকা তার কাছে জমা রাখে বলে অভিযোগ তুলেন। একপর্যায়ে এ দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুটিকে আটকে রেখে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তারা। এরপর সেখান থেকে বাড়িতে ফিরে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
এ বিষয়ে মোনায়েম হোসেন রঞ্জু বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিত শিশুটিকে তার অভিভাবকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। ওই শিক্ষকের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে একটু ধাক্কাধাক্কি হয়েছে।
মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক জানান, এ বিষয়ে শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের আলো/এনএন