খুলনায় এক লাখ টাকা চুরির অপবাদে সাজমীর ইসলাম খান নামের এক তরুণকে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে নগরীর মহেশ্বরপাশা ও ফুলবাড়ী গেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন, খানজাহান আলী থানার ফুলবাড়ী গেট এলাকার মৃত ওমর আলীর ছেলে আকাশ (২২) এবং দৌলতপুর থানার সেনপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে সাকিব (২১)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সাজমীর ইসলাম খানজাহান আলী থানাধীন কুয়েট ক্যাম্পাসের পকেট গেটের সামনে অবস্থিত ‘তন্বী স্টোর’ নামের একটি চায়ের দোকানে কর্মরত ছিলেন। গত ৬ সেপ্টেম্বর তাকে এক লাখ টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে আসামিরা বেদম মারধর করেন। একপর্যায়ে তার শারীরিক অবস্থা অবনতি হলে গুরুতর আহত অবস্থায় তাকে কুয়েট ক্যাম্পাসের মেডিকেলের সামনে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা।
পরবর্তীতে মামলার প্রথম ও দ্বিতীয় সাক্ষীর সহায়তায় সাজমীরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা শাহানারা বেগম বাদী হয়ে খানজাহান আলী থানায় একটি হত্যা মামলা করেন।
এসআরবি-৬ জানায়, গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জোই