প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:২৯ এএম
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ছবি : সংগৃহীতসৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার (২১ অক্টোবর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানায়, আহতদের মধ্যে সামান্য থেকে গুরুতর আঘাত পাওয়া ব্যক্তিরা রয়েছেন। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে দিনের শুরুতে সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় হামলার চেষ্টা করা একটি ড্রোন প্রতিহত করে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।
হুথি বাহিনী ও সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।
গত সপ্তাহে সৌদি কর্তৃপক্ষ জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হন। এর আগের দিন, ১০ অক্টোবর, একই বিমানবন্দরে আরেকটি পৃথক হামলায় ১২ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হওয়ার তথ্য জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এদিকে, হুথিদের চলমান হামলার পরিপ্রেক্ষিতে বুধবার সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশনগুলো থেকে কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি মার্কিন মিশন থেকেও পরিবারের সদস্যদের প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে।
সময়ের আলো/কেএইচও