প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৩২ পিএম আপডেট: ২১.১০.২০২৬ ১১:৩২ পিএম
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। সংগৃহীত ছবি ওমানের মানুষের চরিত্র, সহনশীলতা ও উদারতার প্রশংসা করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি বাণী উদ্ধৃত করেছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সম্মানে উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তব্যে তিনি বাণীটি পড়ে শোনান।
মঙ্গলবার (২০ অক্টোবর) উইন্ডসর ক্যাসেলে যান ওমানের সুলতান হাইথাম বিন তারিক। সেখানে রাজা তৃতীয় চার্লস তাকে স্বাগত জানান। ওমানের মানুষের আতিথেয়তা ও সহনশীলতার বিষয়টি তুলে ধরতে গিয়ে মহানবীর বাণী উদ্ধৃত করেন ব্রিটিশ রাজা।
সহিহ মুসলিম শরিফে ২ হাজার ৫৪৪ নম্বর হাদিস হিসেবে লিপিবদ্ধ একটি বাণী উদ্ধৃত করে রাজা তৃতীয় চার্লস বলেন, তুমি যদি ওমানের মানুষের কাছে যেতে, তারা তোমাকে গালমন্দ করত না, আঘাতও করত না।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) মূলত এক ব্যক্তিকে উদ্দেশ করে এ কথা বলেছিলেন। ওই ব্যক্তিকে আরবের একটি গোত্রের কাছে ইসলাম প্রচারের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু গোত্রটির লোকজন তাকে নির্যাতন করেন। সে সময় ওই সাহাবিকে উদ্দেশ করে মহানবী (সা.) এ কথা বলেছিলেন।
রাজা তৃতীয় চার্লসের বক্তব্যে ওমানের মানুষের ঐতিহাসিক সহনশীলতা ও মানবিক মূল্যবোধের বিষয়টি উঠে আসে। একই সঙ্গে যুক্তরাজ্য ও ওমানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি।
সময়ের আলো/ইউএমএইচ