সড়ক দুর্ঘটনায় নিহত দুই : ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহন সাময়িক বন্ধ

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় দুইজন নিহত হওয়ার ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের মুখে ঢাকা-আরিচা মহাসড়কে বাসটির চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন

2026-10-22T20:07:35+00:00
2026-10-22T20:07:35+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
সড়ক দুর্ঘটনায় নিহত দুই : ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহন সাময়িক বন্ধ
মানিকগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:০৭ পিএম 
ছবি : সংগৃহীত
মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় দুইজন নিহত হওয়ার ঘটনায় স্থানীয়দের বিক্ষোভের মুখে ঢাকা-আরিচা মহাসড়কে বাসটির চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে ভিডিও কলে কথা বলে তিনি এ ঘোষণা দেন।

এর আগে বৃহস্পতিবার সকালে পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে দুর্ঘটনা ঘটে। একই সময় ঘিওর উপজেলার মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোরিকশা। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অপর এক যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশাচালকও গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

দুর্ঘটনার পর সেলফি পরিবহনের চলাচল বন্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে প্রায় ২০০ থেকে ৩০০টি যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই তারা সড়ক অবরোধ করে সেলফি পরিবহনের চলাচল বন্ধের দাবি জানান। জেলা প্রশাসক ভিডিও কলে এসে এ বিষয়ে ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করবেন না বলেও জানান তারা।

পরে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ভিডিও কলে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি সেলফি পরিবহনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। প্রায় তিন ঘণ্টা অবরোধ চলার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ঢাকা পোস্টকে বলেন, জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে সেলফি পরিবহনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরবর্তী সময়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জনসাধারণকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও সেলফি পরিবহনের চলাচল বন্ধের দাবিতে বিভিন্ন এলাকার বাসিন্দারা একাধিকবার মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে একাধিক স্মারকলিপিও দিয়েছেন তারা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সড়ক দুর্ঘটনা  নিহত  সেলফি পরিবহন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: