প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:০১ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ৮:০৫ পিএম
মো. আলী হোসেন ফকির। ছবি : সংগৃহীত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘বল প্রয়োগ করলে বলা হয় পুলিশ ফ্যাসিস্ট। বল প্রয়োগ না করলে বলা হয় দুর্বল পুলিশ।’
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিভাগের কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ শেষে মিডিয়া ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
মো. আলী হোসেন ফকির বলেন, ‘গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল। এজন্য আস্থা পুনরুদ্ধারে কাজ করছে পুলিশ।’
আইজিপি জানান, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার জন্য আইনি কাঠামোর মধ্যে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। পুলিশের একটি শাখা হিসেবে কমিউনিটি পুলিশিং এখন থেকে কার্যক্রম পরিচালনা করবে।
চাঁদাবাজির প্রসঙ্গে মো. আলী হোসেন ফকির বলেন, ‘চাঁদাবাজি যারা করে, তারা সমাজের প্রভাবশালী ব্যক্তি। হয় সন্ত্রাসী অথবা কোনো না কোনো প্রভাবশালীর হয়ে তারা এই কাজগুলো করে। তাদের বিরুদ্ধে কিন্তু ভয়ে কেউ সাক্ষ্য দিতে চায় না এবং অভিযোগও করতে চায় না। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ মামলা দিতে পারে, এজন্য নতুন আইন হচ্ছে।’
তিনি জানান, দীর্ঘ ১৭ বছর মাদককে একটা স্বীকৃতির মাধ্যমে সমাজে প্রতিষ্ঠা করা হয়েছে। সেটার বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স গ্রহণ করেছে।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘কিছু অপরাধীরা খুন হচ্ছে, আবার কিছু অপরাধী খুন করছে। জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, আইন প্রয়োগ করতে গিয়ে কেউ বলছে বল প্রয়োগ করা হোক। বল প্রয়োগ করলে বলা হয় পুলিশ ফ্যাসিস্ট। বল প্রয়োগ না করলে বলা হয় দুর্বল পুলিশ।’
তিনি আরও বলেন, ‘এগুলো আমরা দেখতে চাই না। আপনারা আমরা সবাই একটি কার্যকরী পুলিশ বাহিনীর মাধ্যমে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য, সমাজকে দুর্নীতিমুক্ত করার জন্য কাজ করতে হবে।’
আইজিপি বলেন, ‘পুলিশকে সহযোগিতা করুন, পরামর্শ দিন। আমরা মানবিক পুলিশ ও জনবান্ধব পুলিশ হতে চাই।’
সময়ের আলো/মহু