প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:৩৯ পিএম
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন। ছবি : সংগৃহীতশিশু শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার নামে চুমু দেওয়ার পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের শিক্ষকতার সনদ কেড়ে নেওয়ার দাবি জানিয়েছেন, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ দাবি জানান তিনি। পোস্টে এ ধরনের আচরণের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের কঠোর সমালোচনা করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
ফেসবুক পোস্টে ডা. মামুনুল হক মামুন লেখেন, যে সকল হুজুর নামধারী কুলাঙ্গার, শিক্ষক নামধারী বাটপাড় এখনো মনেপ্রাণে বিশ্বাস করে যে- বাচ্চা শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য চুমো দেওয়া যেতেই পারে, তাদের সকলের শিক্ষকতা সনদ কেড়ে নেওয়া হোক। তারা এখনো শিক্ষা দেওয়ার লেভেলেই পৌঁছাতে পারেনি, সেই পথ এখনো বহুদূর।
শিশু শিক্ষার্থীদের চুমু দেওয়ার বিষয়টি নিয়ে তার এ বক্তব্য এমন আচরণের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদের শিক্ষকতার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।
এদিকে, গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গত ২১ অক্টোবর শিশুটির বাবা ও স্বজনরা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক মুসলেউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি শিশুটিকে অশালীনভাবে স্পর্শ করার কথা স্বীকার করেন বলে জানা গেছে।
এ সময় শাহজালাল রুমি নামের এক ব্যক্তি ওই শিক্ষককে থাপ্পড় দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সময়ের আলো/এনএন