প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:৪৭ পিএম
ছবি : সংগৃহীতখাগড়াছড়িতে ৭ ঘণ্টার সড়ক অবরোধ শেষে খাগড়াছড়ি থেকে রাঙামাটিসহ দেশের বিভিন্ন গন্তব্যে যান চলাচল শুরু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১২টার পর পর্যন্ত ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের ডাকা এই অবরোধ শেষে যান চলাচল স্বাভাবিক হয়।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থিত ছাত্র-জনতা সংগ্রাম পরিষদের এ অবরোধের ডাক দেয়। অবরোধ চলাকালে পানছড়ি, রামগড়, মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়ি, দীঘিনালা ও সাজেক সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন আন্দোলনকারীরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা সরে যান। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা নৈশকোচগুলো ভোরে পুলিশের নিরাপত্তায় খাগড়াছড়ি শহরে পৌঁছায়।
এদিকে, ইউপিডিএফ-সমর্থিত সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ডাকা অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিনেও সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে টায়ার ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অবরোধের কারণে সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
তবে, পৃথক সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের কারণে সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সময়ের আলো/আতা