সাইবার হামলার ঝুঁকির মধ্যে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে একাধিক হামলার আলামত পাওয়া গেছে। এ কারণে বন্ধ থাকা ওয়েবসাইটটি আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে এই সংবাদ প্রকাশ করা পর্যন্ত সচল করা সম্ভব হয়নি। তবে আজকের মধ্যেই এটি চালু করা সম্ভব হবে বলে আশা করছে ব্যাংক কর্তৃপক্ষ।
জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ‘সিস্টেম রক্ষণাবেক্ষণ, আমাদের অ্যাপ্লিকেশনটিতে বর্তমানে রক্ষণাবেক্ষণ কাজ চলছে। শিগগির চালু হবে।’ বার্তা দেখা যাচ্ছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ব্যাংকটি।
ব্যাংকের আইটি বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ওয়েবসাইটে দুটি সাইবার হামলার চিহ্ন পাওয়া গেছে। সেগুলো ঠিক করতে কাজ চলছে।
এদিকে সাইবার হামলার ঝুঁকিতে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটও পুনরায় চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে বন্ধ থাকার পর আজ রবিবার সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি সচল করে কেন্দ্রীয় ব্যাংক। কর্মদিবসে সার্বক্ষণিক পর্যবেক্ষণের সুবিধার কথা বিবেচনা করে ওয়েবসাইটটি চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো।
গত ২১ অক্টোবর প্রকাশিত যৌথ সতর্কবার্তায় বলা হয়, এসব ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত নিরাপত্তা হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ ওয়েব অ্যাপ্লিকেশন সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।
সময়ের আলো/এমকে