প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:০৭ পিএম আপডেট: ২৫.১০.২০২৬ ৩:০৮ পিএম
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। ছবি : সংগৃহীত সাইবার হামলার শঙ্কায় এবার বন্ধ পাওয়া গেছে বেসরকারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) দুপুরে জনতা ব্যাংকের পর বেঙ্গল ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়েও রক্ষণাবেক্ষণের নোটিশ দেখা গেছে। তবে, ওয়েবসাইট বন্ধের কারণ হিসেবে সাইবার হামলার কথা উল্লেখ করেনি ব্যাংক দুটি।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইটে ‘ইমপর্ট্যান্ট নোটিশ : সার্ভিস মেইনটেন্যান্স’ শিরোনামে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণের কারণে ওয়েবসাইটের সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। যত দ্রুত সম্ভব সেবা পুনরায় চালু করতে কাজ চলছে। এ জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে অপেক্ষা ও সহযোগিতা কামনা করেছে ব্যাংকটি। প্রয়োজনে ১৬৭৯৬ নম্বরে ফোন করে অথবা নির্ধারিত ই-মেইলে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে।
ওয়েবসাইট বন্ধ থাকায় গ্রাহকেরা অনলাইনে ব্যাংকগুলোর বিভিন্ন তথ্য ও ওয়েবসাইটভিত্তিক সেবা নিতে পারছেন না।
এর আগে, সাইবার নিরাপত্তাঝুঁকির আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়। তিন দিন পর আজ সকাল ৮টা থেকে সেটি আবার চালু করা হয়েছে। একই সময়ে অগ্রণী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও এসবিএসি ব্যাংকের ওয়েবসাইটও বন্ধ রাখা হয়েছিল। তবে, সেগুলোও বর্তমানে চালু রয়েছে।
অবশ্য ওয়েবসাইট বন্ধ থাকলেও গত তিন দিনে ব্যাংকগুলোর ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন স্বাভাবিক ছিল।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এর আগে জানিয়েছিলেন, বিশ্বব্যাপী সাইবার হামলার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ঝুঁকি কেটে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট আবার চালু করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি সেবা, ব্যাংকিং, ই-কমার্স ও সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনায় ওয়েবসাইট ও সফটওয়্যারের ওপর নির্ভরতা বাড়ায় এ ধরনের নিরাপত্তাত্রুটি নতুন ঝুঁকি তৈরি করতে পারে।
সময়ের আলো/মহু