প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৩৫ এএম আপডেট: ২৭.১০.২০২৬ ১২:৪৪ পিএম
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। সংগৃহীত ছবি কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তে গিয়ে আগুনের কুণ্ডলী দেখা গেছে। একই সঙ্গে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় মাটির নিচে প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম।
তিনি বলেন, খবর পেয়ে আমরা এখানে এসেছি, এখনও আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাস থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।
আগুন জ্বলতে থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলের কাছের একটি ৫ তারকা হোটেলে কর্মরত স্থানীয় যুবক আলামিন বলেন, যেখানে আগুনের সৃষ্টি হয়েছে, পাশের ঘরেই আমরা কয়েকজন হোটেলকর্মী থাকি। ফায়ার সার্ভিস এসেছে। হঠাৎ আগুন দেখে খুবই ভয় পেয়েছি।
এদিকে, আগুন বৈদ্যুতিক খুঁটির তারে লেগে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।
সময়ের আলো/ইউএমএইচ