স্কুল পরিদর্শনে ইউএনও— তালাবদ্ধ বিদ্যালয়, চাবি রাখা পাশের বাড়িতে

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা

সারাদেশ

ঘড়ির কাটায় তখন দুপুর ১২টা বেজে ৪৫ মিনিট, হঠাৎ ভোলার চরফ্যাশন উপজেলার মুজিব নগর ইউনিয়নের ১৮২ নম্বর সিকদার চর সরকারি

2026-10-28T05:09:40+00:00
2026-10-28T05:09:40+00:00
 
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্কুল পরিদর্শনে ইউএনও— তালাবদ্ধ বিদ্যালয়, চাবি রাখা পাশের বাড়িতে
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:০৯ এএম 
ছবি : সময়ের আলো
ঘড়ির কাটায় তখন দুপুর ১২টা বেজে ৪৫ মিনিট, হঠাৎ ভোলার চরফ্যাশন উপজেলার মুজিব নগর ইউনিয়নের ১৮২ নম্বর সিকদার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। বিদ্যালয় খোলা ও পাঠদান চলার কথা থাকলে ও বিপরীতে মিলল ভিন্ন চিত্র। বিদ্যালয়ের মূল ফটকে তালাবদ্ধ, শিক্ষক -শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কেউই নেই। বিদ্যালয়ের চাবি রাখা হয়েছে পাশের বাড়ির এক ব্যক্তির কাছে।

স্থানীয়দের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে আসেন না। এ কারণে সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে পার্শ্ববর্তী মাদ্রাসায় ভর্তি করেছেন অভিভাবকেরা। ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের ১৮২ নম্বর সিকদার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখতে পান।

একই ইউনিয়নের চর লিউলিন বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি নিয়েও স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। তাদের অভিযোগ, প্রধান শিক্ষকসহ আরও দুই শিক্ষক প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। তারা রাজনীতিতে জড়িত থাকায় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি স্থানীয়দের। 

সিকদার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন ইউএনও রুমানা আফরোজ। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর অনুপস্থিতি এবং বিদ্যালয়ের চাবি অন্যের কাছে রেখে দেওয়ার ঘটনায় বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। 

তবে সিকদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাইনউদ্দিন সোহাগের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। অপরদিকে চর নিউলিন বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন জানান, তিনি ও তার স্ত্রী (শিক্ষিকা) ছুটিতে আছেন।

এ ঘটনায় সিকদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে কৈফিয়ত তলব করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়। গত ২৬ অক্টোবর জারি করা চিঠিতে উল্লেখ করা হয়, ওই দিন দুপুর ১২টা ৪৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষকদের উপস্থিত পাননি। এ বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

চিঠিতে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) চাকরি বিধিমালা, ২০১৯-এর বিধান উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। 

চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সিকদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতির ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জবাব পর্যালোচনা করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

ইউএনও রুমানা আফরোজ বলেন, গত সোমবার মুজিবনগর ইউনিয়নের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছি। ১৮২ নম্বর সিকদার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২টা ৪৫ মিনিটে গিয়ে কোনো শিক্ষক-শিক্ষার্থীকে পাইনি। বিদ্যালয়ের চাবি পাশের বাড়ির একজনের কাছে রাখা ছিল। স্থানীয়দের কাছ থেকেও শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে না আসার অভিযোগ পেয়েছি। এমন পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক। সরকারি বিদ্যালয়ে এভাবে পাঠদান কার্যক্রম চলতে পারে না। শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

সিকদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি চর লিউলিন বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অভিযোগও তদন্ত করে নিয়মিত পাঠদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সময়ের আলো/আতা
  বিষয়:   স্কুল  পরিদর্শন  ইউএনও  তালাবদ্ধ  বিদ্যালয়  চাবি  বাড়ি  চরফ্যাশন  ভোলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: