ফ্রান্সের প্যারিসে একটি ইন্টারমার্শে সুপারমার্কেটের বাইরে নষ্ট হয়ে যাওয়া টিনজাত খাবারের বাক্স পড়ে থাকতে দেখা যাচ্ছে। ছবি : রয়টার্স যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটির খাদ্যপণ্যের ফ্রিজ ও ফ্রিজারে রহস্যজনক ত্রুটির ঘটনাকে সম্ভাব্য সাইবার হামলা হিসেবে বিবেচনা করছে পেন্টাগন। গত আগস্টে এসব ঘটনায় অন্তত ছয়টি সামরিক ঘাঁটির খাবার সংরক্ষণের ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এতে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়ে যায়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চারটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাইবার নিরাপত্তা তদন্তকারীরা ঘটনাগুলো খতিয়ে দেখছেন। একই ধরনের সাইবার হামলায় চলতি মাসে ফ্রান্সের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজ ও শীতলীকরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও যোগাযোগ করছেন মার্কিন তদন্তকারীরা।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, সামরিক বাহিনীর সাইবার কমান্ডের একটি ইউনিট সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তবে তদন্ত কত দূর এগিয়েছে কিংবা কারা এ ঘটনার পেছনে রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।
মার্কিন সেনাবাহিনীর অপরাধ তদন্ত বিভাগও জানিয়েছে, তাদের সাইবার তদন্ত কার্যালয় এ ঘটনায় যুক্ত রয়েছে। ইউরোপে শীতলীকরণ ব্যবস্থায় ঘটে যাওয়া ত্রুটিগুলো সম্পর্কে আরও জানতে তারা ফরাসি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে।
গত আগস্টের শেষ দিকে যুক্তরাষ্ট্রের অন্তত ছয়টি সামরিক ঘাঁটির ভেতরে থাকা খাদ্যপণ্যের দোকান বা কমিসারিতে ফ্রিজ ও ফ্রিজারে সমস্যা দেখা দেয়। সামরিক ঘাঁটিগুলোর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও ওয়েবসাইটে প্রকাশিত তথ্য পর্যালোচনা করে এ সংখ্যা জানিয়েছে রয়টার্স।
অ্যারিজোনার ফোর্ট হুয়াচুকা সামরিক ঘাঁটির ফেসবুক পেজে ২৬ আগস্ট জানানো হয়, সেখানকার একটি ফ্রিজার ডিফ্রস্ট মোডে চলে যায়। এতে ভেতরের খাবার গরম হয়ে নষ্ট হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে শুধু শীতলীকরণ ব্যবস্থা বন্ধ হয়নি, বরং ফ্রিজারের তাপমাত্রা বেড়ে যাওয়ায় খাবার গলে যায়।
ফ্রান্সের ৩৫০টির বেশি সুপারমার্কেটে একই ধরনের হামলা
চলতি মাসের শুরুতে ফ্রান্সের ৩৫০টির বেশি সুপারমার্কেটে শীতলীকরণ ব্যবস্থা লক্ষ্য করে সাইবার হামলার ঘটনা ঘটে। এতে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা পরিবর্তন করে দেওয়া হয়। ফলে বিপুল পরিমাণ হিমায়িত খাবার নষ্ট হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত তাপের কারণে শীতলীকরণ যন্ত্রে আগুনও ধরে যায়।
ফ্রান্সের এ হামলার আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক কোটি ইউরোতে পৌঁছাতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
বিশেষজ্ঞদের মতে, পুরোনো সফটওয়্যার ও নিরাপত্তা দুর্বলতার কারণে শীতলীকরণ যন্ত্রের নিয়ন্ত্রণব্যবস্থা সহজেই সাইবার হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যবহৃত ফ্রিজার নিয়ন্ত্রক যন্ত্রের ব্র্যান্ড বা সেগুলোর নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
খাদ্য সরবরাহব্যবস্থায় বড় ঝুঁকি
বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেটের মাধ্যমে শীতলীকরণ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব হওয়ায় এ ধরনের হামলা খাদ্য সংরক্ষণ ও সরবরাহব্যবস্থার জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
শিল্পপ্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা জোনা সিস্টেমসের প্রধান নির্বাহী বিল মুর বলেন, আগে এসব যন্ত্র সরাসরি প্রযুক্তিবিদ দিয়ে পরিচালনা ও মেরামত করা হতো। কিন্তু এখন অনেক যন্ত্র ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকায় সাইবার হামলার ঝুঁকি বেড়েছে।
তিনি বলেন, এ ধরনের হামলা খাদ্য সরবরাহব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে।
এর আগে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের একটি মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানার শীতলীকরণ ব্যবস্থা হ্যাক করে অচল করে দেওয়ার অভিযোগ ওঠে। এতে ২ হাজার পাউন্ডের বেশি মাংস নষ্ট হয়েছিল বলে মার্কিন তদন্তকারীরা জানিয়েছিলেন।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ ও পানির অবকাঠামোর মতো খাদ্য সংরক্ষণব্যবস্থাও গুরুত্বপূর্ণ অবকাঠামোর অংশ। তাই এসব যন্ত্রের নিরাপত্তা জোরদার করা জরুরি।
সময়ের আলো/ইউএমএইচ