প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সিএনএন ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে ব্যাপক কারচুপি, ভোটারদের ভয়ভীতি দেখানো ও সহিংসতার অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। এসব অভিযোগ তদন্তে পুলিশ ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে লিকুদ পার্টি দাবি করে, সন্ত্রাসবাদে সমর্থন দেওয়া এবং ইহুদি রাষ্ট্রের বিলুপ্তি চাওয়া আরব দলগুলো ঘুষ, হুমকি, সহিংসতা, জালিয়াতি ও অবৈধ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে নির্বাচনের ফল প্রভাবিত করেছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে আরব নেতৃত্বাধীন রাম ও জয়েন্ট লিস্ট দল রেকর্ডসংখ্যক ভোট পেয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, দল দুটি পার্লামেন্টে ১৯টি আসন পেতে পারে। ফলে নেতানিয়াহুর জোট এবং তাঁর বিরোধী ইহুদিপ্রধান দলগুলোর জোট—কোনোটিই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনী প্রচারের সময় থেকেই আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতার বিরোধিতা করে আসছিল লিকুদ পার্টি। নতুন বিবৃতিতে দলটি জানায়, তারা পুলিশ, শিন বেত ও কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে শত শত সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণ জমা দিচ্ছে।
লিকুদের দাবি, এসব প্রমাণের মধ্যে রয়েছে নগদ অর্থ ও রাম দলের প্রতীকসংবলিত হাজার হাজার খাম, ভোটকেন্দ্রের কমিটির সদস্যদের হুমকি ও তাদের ওপর সহিংসতা, ভোট দেওয়ার গোপন কক্ষে একাধিক ভোটারের উপস্থিতি, একই ব্যক্তির একাধিকবার ভোট দেওয়া এবং ভোটের খাম ও ভোটারের সংখ্যার মধ্যে অসংগতি। এ ছাড়া অবৈধ সফটওয়্যার ব্যবহার করে ভোটারদের সংগঠিত করার অভিযোগও তুলেছে দলটি।
এসব অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত এবং তদন্তের বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিটির তাৎক্ষণিক পদক্ষেপ দাবি করেছে লিকুদ পার্টি।
তবে নির্বাচনে জালিয়াতির অভিযোগ প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বুধবার চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির এক কর্মকর্তা এসব অভিযোগ নাকচ করেন।
সময়ের আলো/ইউএমএইচ