প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ পিএম
ছবি : সংগৃহীত সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে এক ইমামের নেতৃত্বে জামাতে নামাজ আদায়ের ১০০ বছর পূর্ণ হয়েছে। ১৯২৬ সালে বাদশাহ আবদুল আজিজ পৃথক পৃথক জামাতের প্রচলন বন্ধ করে মুসল্লিদের এক ইমামের পেছনে নামাজ আদায়ের ব্যবস্থা চালু করেন।
মক্কার পবিত্র মসজিদুল হারামে বহু শতাব্দী ধরে চারটি পৃথক স্থানে নামাজ আদায় করা হতো। চার মাজহাবের অনুসারীরা নিজ নিজ ইমামের নেতৃত্বে পর্যায়ক্রমে নামাজ পড়তেন।
সাধারণত প্রথমে শাফেয়ি মাজহাবের অনুসারীরা নামাজ আদায় করতেন। এরপর হানাফি, মালেকি ও হাম্বলি মাজহাবের অনুসারীরা নামাজ পড়তেন। ফলে হারামে একই ওয়াক্তের নামাজ দিনে কয়েকবার আদায় করা হতো। কয়েকশ বছর ধরে এই ব্যবস্থার প্রচলন ছিল। হিজরি পঞ্চম ও ষষ্ঠ শতকের দিকে এর সূচনা।
বিংশ শতাব্দীর শুরুর দিক পর্যন্ত বিভিন্ন শাসকের আমলে এই ব্যবস্থা চালু ছিল। সে সময়ের পর্যটক ও ইতিহাসবিদদের বিবরণে উঠে এসেছে, প্রত্যেক মাজহাবের অনুসারীরা নির্ধারিত স্থানে সমবেত হয়ে আলাদাভাবে নামাজ আদায় করতেন।
১৯২৬ সালের ২৭ অক্টোবর বাদশাহ আবদুল আজিজ এই প্রথা বন্ধের নির্দেশ দেন। হিজাজ ও নজদের আলেমদের সঙ্গে বৈঠকের পর সবাইকে এক ইমামের নেতৃত্বে একসঙ্গে নামাজ আদায়ের বিষয়ে সিদ্ধান্ত হয়। এর মধ্য দিয়ে পৃথক নামাজের স্থানগুলো বিলুপ্ত করা হয় এবং একই নামাজের জন্য বারবার জামাত আয়োজনের প্রথার অবসান ঘটে। চলতি বছরে এই নিয়মের একশ বছর পূর্ণ হয়।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে