প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ২:৩৫ পিএম
দ্বীপের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ছবি : সংগৃহীতবিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর তদন্তে নতুন মোড় এসেছে। নিখোঁজ হওয়ার পর এবার গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে তার মোটরসাইকেল। এ ঘটনায় তার ব্যবসায়িক অংশীদার শাহরিয়ার রেজা দ্বীপের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই সূত্র জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে দ্বীপকে সঙ্গে নিয়ে টঙ্গীর মাজার বস্তির হোন্ডা গলি এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি দোকানের সামনে নম্বরপ্লেটবিহীন অবস্থায় মোটরসাইকেলটি পাওয়া যায়। পরে দ্বীপ সেটি তাহসিফের বলে শনাক্ত করেন।
সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার রাতে তাহসিফ ও দ্বীপের সর্বশেষ অবস্থান টঙ্গীর মাজার বস্তিতে শনাক্ত করে পিবিআই। জিজ্ঞাসাবাদে দ্বীপ জানান, উত্তরা থেকে দুটি মোটরসাইকেলে করে তারা ঘুরতে ওই এলাকায় এসেছিলেন। পরে বাইক রেখে তুরাগ নদের তীরে যাওয়ার পর তাহসিফ নিখোঁজ হন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তিনি বাসায় ফিরে যান।
অভিযানে অংশ নেওয়া পিবিআই কর্মকর্তা সাজিদ বলেন, ‘দ্বীপের দেখানো মতে আমরা মোটরসাইকেলটি উদ্ধার করেছি। তবে কী কারণে তারা এত রাতে এই এলাকায় এসেছিলেন এবং কার কার সঙ্গে দেখা করেছিলেন, সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’
গত ২৮ অক্টোবর ঢাকার উত্তরখানের তুরাগ নদের রাজাঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি উত্তরার ১৮ নম্বর সেক্টরে পরিবারের সঙ্গে থাকতেন। মরদেহ উদ্ধারের পর থেকে তার মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। মোটরসাইকেল উদ্ধারের পর এখন ওই রাতের ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তদন্ত করছে পিবিআই।
সময়ের আলো/এমকে