প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৯:২৫ এএম
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবা। ছবি : সংগৃহীত স্থিতিশীল ইয়েমেন ছাড়া মধ্যপ্রাচ্যে টেকসই আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবা। বাহরাইনে অনুষ্ঠিত মানামা সংলাপে তিনি বলেন, ইয়েমেনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করা সবার সম্মিলিত দায়িত্ব।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-জুবা জানান, সম্মেলনে তিনি বলেছেন, ‘স্থিতিশীল ইয়েমেন ছাড়া টেকসই আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয়। আবার পুরো ভূখণ্ডে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা ছাড়া ইয়েমেনও স্থিতিশীল হতে পারে না। অস্ত্রের নিয়ন্ত্রণ এবং যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হাতে থাকতে হবে।’
এ সময় হুথি বিদ্রোহীদের অবরোধে থাকা ইয়েমেনের তাইজ শহরের পরিস্থিতিরও নিন্দা জানান তিনি। এই অবরোধকে ‘যুদ্ধাপরাধ’ উল্লেখ করে তা প্রত্যাহারে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ দাবি করেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী।
গত সেপ্টেম্বর থেকে ইয়েমেনে সংঘাত আরও তীব্র হয়েছে। ওই সময় ইরান-সমর্থিত হুথিরা লোহিত সাগর উপকূলের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা দখলে নেয়। এর জবাবে সরকারপন্থী বাহিনী পাল্টা অভিযান শুরু করে।
এই অভিযানে সৌদি আরব ইয়েমেনের সরকারকে সমর্থন দিচ্ছে। জবাবে সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চালিয়েছে হুথিরা।
সময়ের আলো/জেডি