বাইন্যান্সের দাবি, সাইবার হামলার ক্ষতির ৯০ শতাংশ পূরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আর্থিক ক্ষতির ৯০ শতাংশ ইতোমধ্যে পুষিয়ে দেওয়ার দাবি করেছে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্স। বাকি ক্ষতিপূরণ নিশ্চিত

2026-11-01T14:00:46+00:00
2026-11-01T14:00:46+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বাইন্যান্সের দাবি, সাইবার হামলার ক্ষতির ৯০ শতাংশ পূরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ২:০০ পিএম 
সংগৃহীত ছবি
সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আর্থিক ক্ষতির ৯০ শতাংশ ইতোমধ্যে পুষিয়ে দেওয়ার দাবি করেছে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্স। বাকি ক্ষতিপূরণ নিশ্চিত করতে খোলা বাজার ও ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) পদ্ধতিতে ডিজিটাল মুদ্রা কেনা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে বাইন্যান্স জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফেরত দিতে নিজস্ব তহবিল থেকে ৬৩৪ কোটি মার্কিন ডলারের বেশি বরাদ্দ করেছে তারা। এর আগে চুরি হওয়া মোট অর্থের প্রায় ৮০ শতাংশ ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, সেই পরিমাণ বেড়ে ৯০ শতাংশে দাঁড়িয়েছে।

বাইন্যান্সের দাবি, বিটকয়েন (বিটিসি), ইথেরিয়াম (ইটিএইচ), টেদার (ইউএসডিটি), বিএনবি (বিএনবি), সোলানা (এসওএল), ইউএসডি কয়েন (ইউএসডিসি), এক্সআরপি (এক্সআরপি), ইউএসডি১, আরএলইউএসডি এবং জেডক্যাশ (জেডইসি)—এই ১০টি প্রধান ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হওয়া ক্ষতির পুরো অর্থ পুষিয়ে দেওয়া হয়েছে।

তবে বাকি ১০ শতাংশ ক্ষতিপূরণ এখনো দেওয়া সম্ভব হয়নি। প্রতিষ্ঠানটির ভাষ্য, তুলনামূলক কম লেনদেন হওয়া এবং কম তারল্যের কিছু টোকেনের কারণে এই অংশের ক্ষতিপূরণ আটকে আছে।

বাইন্যান্স জানিয়েছে, সব ধরনের টোকেনের ক্ষতিপূরণ শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত খোলা বাজারসহ বিভিন্ন মাধ্যমে ক্ষতিগ্রস্ত টোকেন কেনা অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে গ্রাহকদের ওপর কোনো ধরনের চাপ দেওয়া হবে না। চুরি হওয়া তহবিলের সম্পূর্ণ আর্থিক দায়ভার প্রতিষ্ঠানটি নিজেই বহন করবে।

এদিকে গ্রাহকদের অর্থ উত্তোলনের সুবিধা পুনরায় চালু করাকে এখন প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছে বাইন্যান্স। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, ১ নভেম্বরের মধ্যেই উইথড্রয়াল সুবিধা সচল করতে পারবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি।


গ্রাহকদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে ‘প্রুফ অব রিজার্ভ’ প্রকাশের ঘোষণাও দিয়েছে বাইন্যান্স। এর মাধ্যমে ‘জিরো-নলেজ প্রুফ’ প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকেরা নিজেরাই যাচাই করতে পারবেন, তাদের সম্পদের বিপরীতে অন্তত ১:১ অনুপাতে রিজার্ভ রয়েছে কি না।

এর আগে গত বৃহস্পতিবার সম্ভাব্য একটি নিরাপত্তা ত্রুটির খবর খতিয়ে দেখার কথা জানিয়েছিল বাইন্যান্স। সে সময় প্রতিষ্ঠানটি গ্রাহকদের আশ্বস্ত করে জানায়, তাদের সব আমানত নিরাপদ রয়েছে।

শনিবার দেওয়া আরেক বিবৃতিতে বাইন্যান্স জানায়, সাইবার নিরাপত্তা ব্যবস্থায় এই বিপর্যয়ের কারণে আনুমানিক ৬৩০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হতে পারে। তবে এরই মধ্যে প্রায় ৩০০ কোটি ডলার মূল্যের সম্পদ ফ্রিজ বা অবরুদ্ধ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সূত্র: আনাদোলু এজেন্সি

সময়ের আলো/জোই
  বিষয়:   বাইন্যান্স  সাইবার হামলা  ক্রিপ্টোকারেন্সি  ডিজিটাল মুদ্রা  ক্ষতিপূরণ  বিটকয়েন  প্রুফ অব রিজার্ভ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: