প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ পিএম
সংগৃহীত ছবিবড় অঙ্কের ঋণ গ্রহণের ক্ষেত্রে আইনি বাধা এড়াতে বিশেষ সুবিধা পেয়েছে সিটি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের চলতি মূলধনের চাহিদা মেটাতে ৩ হাজার কোটি টাকার সিন্ডিকেটেড ঋণ দেওয়ার পথ তৈরি করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ জন্য ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ২৭কক(৩) ধারার বিধান থেকে প্রতিষ্ঠানগুলোকে বিশেষ অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংক বুধবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। এতে সিটি গ্রুপের আওতাধীন পাঁচটি প্রতিষ্ঠানের জন্য বিশেষ ঋণ সুবিধার কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো— সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি এডিবল অয়েল লিমিটেড, সিটি ডাল মিলস লিমিটেড এবং শম্পা মিলস ফ্লাওয়ার লিমিটেড।
তবে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সার্কুলারে ঋণ সুবিধার মোট পরিমাণ, অংশগ্রহণকারী ব্যাংকের সংখ্যা, ঋণের মেয়াদ এবং আইনি অব্যাহতির বিস্তারিত শর্তাবলি উল্লেখ করা হয়নি। ফলে কোন ব্যাংক কত টাকা ঋণ দেবে কিংবা কী ধরনের শর্তে এই অর্থায়ন করা হবে, সে বিষয়ে সার্কুলার থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
সার্কুলারটির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি-২) থেকে জারি করা এই সার্কুলার লেটারে স্বাক্ষর করেছেন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) কাজী শৈবাল সিদ্দিকী।
সাধারণত বড় অঙ্কের ঋণের ঝুঁকি একক কোনো ব্যাংকের ওপর না রেখে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মিলে যে ঋণ সুবিধা দেয়, তাকে সিন্ডিকেটেড ঋণ বলা হয়। এ ব্যবস্থায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো সম্মিলিতভাবে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থায়ন করে। বড় শিল্প-প্রতিষ্ঠানের চলতি মূলধন কিংবা দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়নে এ ধরনের ঋণ ব্যবস্থা ব্যবহার করা হয়।
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে সিটি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান সিন্ডিকেটেড ঋণ গ্রহণের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ২৭কক(৩) ধারার বিশেষ অব্যাহতির সুবিধা পাবে। ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত এই বিশেষ সুবিধা বহাল থাকার কথা সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
সময়ের আলো/কেএইচও