আপত্তিকর ভিডিও ও হত্যা মামলায় ছেলের নাম, চাপে এমপি আব্দুল আজিজ

নাটোর প্রতিনিধি

সারাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও এবং ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় ছেলের নাম আসায় চরম চাপে পড়েছেন নাটোর-৪

2026-11-05T20:39:38+00:00
2026-11-05T20:39:38+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
আপত্তিকর ভিডিও ও হত্যা মামলায় ছেলের নাম, চাপে এমপি আব্দুল আজিজ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৩৯ পিএম 
নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও এবং ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় ছেলের নাম আসায় চরম চাপে পড়েছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। তাকে দলীয় পদ থেকে বহিষ্কার এবং সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন দলের একাংশের নেতাকর্মীরা। অন্যদিকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠানো নিয়ে বিভক্ত হয়ে পড়েছে জেলা বিএনপি।

এ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় অনুপস্থিত ছিলেন এমপি আব্দুল আজিজ। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিংড়ার সংসদ সদস্য আনোয়ার হোসেন আনুসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এমপির অনুপস্থিতি নিয়ে জেলায় রাজনৈতিক আলোচনা আরও জোরালো হয়েছে।

দলীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর নাম আসার পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। জেলা বিএনপির বেশির ভাগ সদস্য এ বিষয়ে একমত হলেও আহ্বায়ক রহিম নেওয়াজ সুপারিশপত্রে সই করতে রাজি হননি বলে অভিযোগ করেছেন সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ। তার অভিযোগ, আহ্বায়কের অনাগ্রহের কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে সুপারিশ পাঠানো সম্ভব হয়নি।

গত মঙ্গলবার নাটোরের হরিশপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।

তিনি জানান, গত ২৮ অক্টোবর এমপি আব্দুল আজিজকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হলে সাংগঠনিক পদক্ষেপের বিষয়ে আলোচনার জন্য ৩০ অক্টোবর জেলা পরিষদে বৈঠক হয়। এতে জেলা বিএনপির ২৩ জন সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৭ জন এমপি আজিজের বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত অভিযোগে কেন্দ্রীয় কমিটির কাছে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠাতে সম্মতি দিয়ে সই করেন।

আসাদুজ্জামান আসাদের অভিযোগ, সুপারিশপত্রে সদস্যরা সই করার পরও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। কখনো পরে, আবার কখনো পরদিন সই করবেন বলে আশ্বাস দেন। শেষ পর্যন্ত তিনি স্পষ্ট জানিয়ে দেন, ওই সুপারিশপত্রে সই করবেন না। এতে দলের অন্য সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

সদস্যসচিব আরও বলেন, জেলা বিএনপির সদস্যদের সঙ্গে আলোচনা করেই সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে চান না। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বিএনপির নেতাদের সঙ্গেও তার কথা হয়েছে। তারা জানিয়েছেন, এমপি আব্দুল আজিজকে ঘিরে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে কাজ চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কেন্দ্র থেকেই ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলার বিষয়েও কথা বলেন আসাদুজ্জামান আসাদ।

তিনি বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই জেলা বিএনপি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছে। মামলার প্রধান আসামি হিসেবে এমপি আব্দুল আজিজের বড়ো ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুই দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। এ ঘটনায় মিন্টুকে যুবদল থেকেও বহিষ্কার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কেন্দ্রীয় বিএনপির কাছে লিখিত ও মৌখিকভাবে সুপারিশ করা হয়েছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল বলেন, ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এ মামলায় এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টু রিমান্ডে রয়েছেন। তার সংশ্লিষ্টতার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন।

এমপির পদত্যাগ দাবিতে বিক্ষোভ

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া এবং শাকিল হত্যা মামলায় ছেলের নাম আসার ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ বাড়ছে। আব্দুল আজিজকে দলীয় পদ থেকে বহিষ্কার ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের দাবিতে গুরুদাসপুরে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুজাউদ্দোলা সুজনের অনুসারীরা।

এমপির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া না হলে রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সদস্য ও গুরুদাসপুর পৌরসভার সাবেক মেয়র মশিউর রহমান বাবলু। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার পদত্যাগের দাবি জানিয়েছেন।

এদিকে শাকিল ইসলাম হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। ২ নভেম্বর রাতে গুরুদাসপুরের নয়াবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। নিবন্ধনবিহীন মোটরসাইকেলটির মালিকানা শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক শফিকুল ইসলাম।

জেলা বিএনপির আহ্বায়ক ও এমপির বক্তব্য

সদস্যসচিবের অভিযোগের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, কেন্দ্র থেকে এমপি আব্দুল আজিজের বিষয়ে কোনো সিদ্ধান্ত চাওয়া হয়নি। তিনি সদস্যসচিবকে সরাসরি ঢাকায় গিয়ে কেন্দ্রীয় বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি তাতে রাজি হননি। কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়ে তাকে কিছু জানানো হয়নি বলেই তিনি সুপারিশপত্রে সই করতে রাজি হননি। সংবাদ সম্মেলনের বিষয়েও কিছু জানেন না বলে দাবি করেন তিনি।

অন্যদিকে এমপি আব্দুল আজিজ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তার রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র। শাকিল ইসলাম হত্যা মামলায় তার ছেলের সংশ্লিষ্টতা তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হলে তিনি নিজেও আইনগত ব্যবস্থা চান।

যেভাবে খুন হন শাকিল

গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২)। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর ২৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টু, আনিসুর রহমান ও আলামিন কারাগারে রয়েছেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   আপত্তিকর ভিডিও  হত্যা মামলা  ছেলের নাম  চাপে এমপি  আব্দুল আজিজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: