প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম
বিকেলে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। ছবি : সংগৃহীতফেনীতে ব্যবসায়ী ও কাভার্ডভ্যানচালককে মারধর করে ৪০ লাখ টাকার শুটকিবোঝাই কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া শুটকি ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের বাগবাড়ী এলাকার মঙ্গল দাসের ছেলে শ্যামল দাস ৩১ অক্টোবর রাতে চট্টগ্রামের আসাদগঞ্জের সামিয়া ট্রেডার্স থেকে ৪০ লাখ ১২ হাজার ৭৮৫ টাকার শুটকি কেনেন। পরে কাভার্ডভ্যানে করে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি।
১ নভেম্বর রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাসিদ্ধি জামিয়াতুল সুন্নাহ মাদরাসার বিপরীতে ঢাকামুখী লেনে পৌঁছালে একটি কালো রঙের মাহিন্দ্রা পিকআপ কাভার্ডভ্যানটির গতিরোধ করে। এ সময় তিন ব্যক্তি বড় স্টিলের ছুরি নিয়ে কাভার্ডভ্যানে ওঠেন। তারা ব্যবসায়ী শ্যামল দাস ও চালক আরিফ হোসেনকে মারধর করেন। পরে তাদের গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখান।
একপর্যায়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে রাস্তার পাশের জঙ্গলে ফেলে রাখা হয়। এ সময় শ্যামল দাসের কাছে থাকা নগদ ১৪ হাজার টাকা, দুটি মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে শুটকিবোঝাই কাভার্ডভ্যান নিয়ে ঢাকার দিকে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় মামলা হলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। ৩ নভেম্বর কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহন পাম্পের বিপরীতে নির্মাণাধীন নতুন ফ্লাইওভারের নিচ থেকে ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। তবে সেটি ছিল খালি।
পরে অভিযান চালিয়ে বুধবার ভোরে জামালপুর থানার শরীফপুর এলাকা থেকে মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো. মনির হোসেন (৪৫), মো. আক্তার হোসেন (৩২), মো. বাবলু (২৮) ও মো. নাদিম (২৪)।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শরীফপুর ইউনিয়নের বগালি এলাকার রুদ্র স্পেশালাইজড কোল্ড স্টোরেজের সামনে থেকে ছিনতাই হওয়া ১৬০ বস্তা শুটকি উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সময়ের আলো/এনএন