প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:৫১ পিএম আপডেট: ০৫.১১.২০২৬ ৬:৫১ পিএম
অ্যাপোলো হাসপাতালের এক্স-রে ও প্যাথলজি কক্ষ সিলগালা করে দেয় প্রশাসন। ছবি : সংগৃহীত মানিকগঞ্জের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। এ সময় চারটি হাসপাতালকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গুরুতর অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার (ওটি) ও প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দীন।
অভিযানে বাসস্ট্যান্ড কাঁচাবাজার এলাকার মানিকগঞ্জ অর্থোপেডিক্স হাসপাতালে নানা অনিয়ম ধরা পড়ে। হাসপাতালটিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়।
ভুয়া চিকিৎসক দিয়ে এক্স-রে রিপোর্ট তৈরি এবং অন্যান্য অনিয়মের দায়ে স্বপ্ন হাসপাতালকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নিরাময় হাসপাতালেও অভিযান চালানো হয়। সেখানে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে রোগী রাখা এবং অস্ত্রোপচারের অভিযোগ পাওয়া যায়। এসব কারণে হাসপাতালটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়।
এ ছাড়া অ্যাপোলো হাসপাতালে অনুমোদন ও চিকিৎসাসেবা পরিচালনায় বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হাসপাতালের এক্স-রে ও প্যাথলজি কক্ষ সিলগালা করে দেয় প্রশাসন।
অভিযান শেষে সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে স্বাস্থ্য বিভাগ সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। হাসপাতালগুলোর লাইসেন্স নবায়ন এবং সেবার মান যাচাইয়ে নিয়মিত পরিদর্শন চলছে। পরিদর্শনে ব্যাপক অনিয়ম পাওয়ায় চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শায়খ শিহাব উদ্দীন বলেন, হাসপাতালগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের বিষয় বিবেচনায় চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সময়ের আলো/এনএন