প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৫ পিএম
প্রতীকী ছবিনড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের কোপে আফছার শেখ (৬০) নামে কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় গ্রামবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কৃষক আফছার শেখ স্থানীয় বৌবাজার থেকে নিজ বাড়িতে ফেরেন। এ সময় বাড়িতে অবস্থানরত তার মাদকাসক্ত ছেলে মো. খায়রুল ইসলাম ইয়াবা সেবনের জন্য তার কাছে টাকা দাবি করে। পিতা টাকা দিতে অস্বীকার করলে খায়রুল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে রান্নাঘরে ব্যবহৃত ধারালো বঁটি দিয়ে পিতাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, খায়রুল প্রায়ই নেশার টাকার জন্য পিতাকে নির্যাতন করতো।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত খায়রুল ইসলামকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
সময়ের আলো/এনএন