প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম
প্রায় ৪ হাজার ২৯২ লিটার তেল চুরির ঘটনা ঘটেছে। ছবি : সময়ের আলোহবিগঞ্জের মাধবপুরে জাতীয় কনডেনসেটবাহী পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের মাধ্যমে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইসলাম উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মাধবপুর থানায় মামলাটি দায়ের করা হয়।
জিটিসিএল সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ডাক্তার বাড়ি নামক স্থানে কনডেনসেটবাহী পাইপলাইনে ছিদ্র করে তেল চুরির বিষয়টি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পরে অনুসন্ধানে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর থেকে তেল মজুদের কাজে ব্যবহৃত বড়ো দুটি পানির ট্যাংক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া বাড়িতে তেল সংরক্ষণের জন্য তৈরি দুটি বড়ো গর্তের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে জিটিসিএল।
জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার আগের রাতে ইসলাম উদ্দিনকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তিনি নিরাপত্তাকর্মীদের সেখানে যেতে বাধা দেন। এতে তাদের সন্দেহ হয়।
জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুই দিনে পাইপলাইন থেকে প্রায় ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট তেল চুরি হয়েছে। বিশেষ সরঞ্জাম ব্যবহার করে পাইপলাইনে ছিদ্র করে পরিকল্পিতভাবে তেল সরিয়ে নেওয়া হতো।
জিটিসিএলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম বলেন, ইসলাম উদ্দিনসহ সংঘবদ্ধ একটি চক্র এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ইসলাম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সময়ের আলোকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার দুপুরে জিটিসিএল কর্তৃপক্ষ নোয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/এনএন