প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৪:৫০ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল। ছবি : সংগৃহীত কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ব্যানারে ব্রাহ্মণবাড়িয়ায় একটি ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এই মিছিলের ঘটনা ঘটে।
ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সুজন দত্ত তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের একটি ভিডিও পোস্ট করলে তা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা অংশের মালিহাতা নামক স্থানে জেলা যুবলীগের নেতাকর্মীরা এই ঝটিকা মিছিল বের করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জেলা যুবলীগের ব্যানার নিয়ে মহাসড়কে মিছিল করছেন।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন। একই সঙ্গে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
ঝটিকা মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মুন্না, সদর যুবলীগ নেতা রেজাউল হক এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আশিকুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।
নিষিদ্ধ সংগঠনের এই ঝটিকা মিছিল ও ফেসবুকে ভিডিও ভাইরালের ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মিছিলের একটি ভিডিও পুলিশের নজরে এসেছে। মিছিলটি কোথায় এবং কীভাবে হয়েছে, পুলিশ সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সময়ের আলো/আতা