প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১:১০ এএম
ছবি : সংগৃহীত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই কর্মী ছুরিকাঘাতে আহত হয়েছেন। সংঘর্ষের পর ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা অবরোধ করেন এক পক্ষের কর্মী-সমর্থকেরা। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে।
শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন স্থানীয় যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব এবং তার বিরোধী হিসেবে পরিচিত নেতা নুরুল আমিন আজাদের অনুসারী যুবদলকর্মী ঘোষণা কবির। তবে দুই পক্ষের বিরোধের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে হেঁয়াকো বাজারের অদূরে দুই পক্ষের মধ্যে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের দুই কর্মী ছুরিকাঘাতে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রামগড় ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঘোষণা কবিরকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সংঘর্ষের পর এক পক্ষের কর্মী-সমর্থকেরা ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, রাত ১০টার দিকে সংঘর্ষের খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকে শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।
সময়ের আলো/এসএকে